ইয়েমেনে ১০ সৌদি সেনা নিহত
ইয়েমেন সীমান্তে শিয়া বিদ্রোহীদের হামলায় ১০ সৌদি সেনা নিহত ও কয়েকজনকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের প্রেস টিভি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, রোববার ইয়েমেনের উত্তরাঞ্চলীয় নগরী সাদআ'র নিকটবর্তী সৌদি সীমান্ত ঘাঁটিতে শিয়া বিদ্রোহীরা অতর্কিত হামলা চালায়। হামলায় ১০ সৌদি সেনা নিহত ও কয়েকজনকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এ সময় সৌদি সামরিক যানসহ অনেক অস্ত্র ও গোলাবারুদও হাতিয়ে নেয় বিদ্রোহীরা।
স্থানীয় তাকিয়া উপজাতির শিয়া সদস্যরা এ হামলা চালায়। ইতোপূর্বে তাদের ওপর সৌদি জোটের একাধিক বিমান হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে।
এদিকে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে হুথি বিদ্রোহীদের মর্টার হামলায় শুক্রবার তিন সৌদি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন। শনিবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হতাহতের এ সংখ্যা নিশ্চিত করা হয়।
অন্যদিকে, রবিবার সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলা অব্যাহত ছিল। তায়াজ প্রদেশে খুব ভোরে চালানো বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন।
উল্লেখ্য, গত ২৬ মার্চ ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী। প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ইয়েমেনের ক্ষমতায় ফিরিয়ে আনা ও শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের দমনে এ অভিযান চালাচ্ছে সৌদি জোট। অভিযানে ইয়েমেনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা অর্ধসহস্রাধিক।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








