সুদানে বিরোধী দলবিহীন জাতীয় নির্বাচন শুরু
সুদানে সোমবার শুরু হয়েছে বিরোধী দলবিহীন জাতীয় নির্বাচন। তিন দিনব্যাপী এ নির্বাচনে স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। প্রবাসী সুদানিদের জন্য ভোটের দিন ধার্য হয়েছে ১৭ থেকে ১৯ এপ্রিল। ফলাফল ঘোষিত হবে ২৭ এপ্রিল।
এই নির্বাচনের পর পঁচিশ বছর ধরে ক্ষমতায় থাকা বর্তমান প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে আরো পাঁচ বছর মসনদে দেখা যাবে বলেই ধারণা করা হচ্ছে।
এক কোটি ত্রিশ লাখের বেশি মানুষ এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। দেশজুড়ে প্রায় এগারো হাজার কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। এই নির্বাচনে অন্তত ২৫ শতাংশ নারী ভোট নিশ্চিত করতে কোটা পদ্ধতি চালু করেছে সুদান সরকার।
রাজনৈতিক নেতাদের গ্রেফতার ও গণমাধ্যমের স্বাধীনতা হরণের ব্যাপারে সুদান সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে দেশটির বিরোধী দলগুলো। সুদানের সর্বত্র শান্তি-শৃঙ্ক্ষলা স্থাপিত না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলেও তাদের মত।
এদিকে, সশস্ত্র সংগঠনগুলো ইতোমধ্যেই নির্বাচন প্রতিহত করার হুমকি দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সারা দেশে ৭৫ হাজার পুলিশ নামিয়েছে সরকার।
নির্বাচন কমিশনার মুখতার আল-আসাম জানিয়েছেন, দক্ষিণ কর্দোফানের ছয় এলাকা আর দারফুরের একটি এলাকা বাদে দেশজুড়ে ১৮ প্রদেশের সব স্থানেই ভোটগ্রহণ চলবে। ওই সাতটি এলাকায় বিদ্রোহী সংগঠনগুলোর সঙ্গে সরকারি বাহিনীর লড়াই চলছে বলে ভোটগ্রহণ সম্ভব নয়।
সুদানের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করছে আফ্রিকান ইউনিয়ন, ইন্টারগভর্নমেন্টাল অথরিটি অন ডেভেলপমেন্ট (আইজিএডি), দ্য অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (ওআইসি) ও আরব লীগ।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








