আইএসে কর্মখালি!
সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবার লোকবল বাড়াতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে! বোমা তৈরির কারিগরসহ চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক চাইছে এই জঙ্গি গোষ্ঠীটি। তবে কথিত জিহাদি দলে যোগদানের জন্য কোথায় বা কি প্রক্রিয়ায় সিভি জমা দিতে হবে তা স্পষ্ট করা হয় নি।
ব্রিটেন থেকে পালিয়ে সিরিয়ায় আইএসে যোগ দেওয়া এক ব্রিটিশ চরমপন্থী অনলাইনে সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দেওয়ার জন্য "কর্মখালি" শীর্ষক এক বিজ্ঞাপন পোস্ট করেছেন। ডেকান হেরাল্ড।
দ্যা ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, আইএসের কর্মখালির বিজ্ঞাপনে জঙ্গি গোষ্ঠিটিকে শক্তিশালী করতে প্রেস কর্মকর্তা, বোমা প্রস্তুতকারক, চিকিৎসক এবং স্কুল শিক্ষক দরকার বলে জানানো হয়।
আউ সায়েদ আল-ব্রিটানি নামে ওই বিজ্ঞাপনটির পোস্টদাতা জানিয়েছেন, সম্মুখসমরে অনাগ্রহী আইএস সমর্থকরা এই সমস্ত পদে যোগ দিয়ে জিহাদে অংশ নিতে পারবেন।
প্রেস কর্মকর্তারা আইএসের কর্মকাণ্ড প্রচার করে আরো সমর্থক ও শুভাকাঙ্খীদের সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবেন। বোমা তৈরিকে একটি 'চমৎকার কাজ' হিসেবে বর্ণনা করা হয় ওই বিজ্ঞাপনে। আইএসের আত্মঘাতি বোমা হামলাকারীদের জন্য বিস্ফোরক তৈরিতে বোমা তৈরির কারিগর দরকার।
জঙ্গি গোষ্ঠিটির কর্মকাণ্ড চালাতে চিকিৎসক, শেফ এবং মেকানিকসও দরকার। এছাড়া, ইসলামি আইন ভঙ্গকারী বা মানতে না চাইলে শাস্তি দেওয়ার জন্য ইসলামিস্ট পুলিশও চাওয়া হয়েছে। পরবর্তী প্রজন্মের মধ্যে সঠিক ইসলামি মূল্যবোধ তৈরিতে স্কুলগুলোতে শিক্ষকও নিযোগ দিতে চাইছে আইএস।
আল-ব্রিটানির আসল নাম ওমর হাসান (২০) বলে ধারণা করা হচ্ছে। গত বছর জানুয়ারিতে সিরিয়ায় পালিয়ে গিয়ে তিনি আইএস এ যোগ দেন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








