মিয়ানমারের হাসপাতালে সেনাবাহিনীর হামলা, নিহত ৩৪
ছবি: সংগৃহীত
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি হাসপাতালে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। তবে এই হামলা নিয়ে মিয়ানমার সেনাবাহিনী কোনও বিবৃতি দেয়নি।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে হামলার শিকার হাসপাতালটি রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ শহরে অবস্থিত, যা আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন।
আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা বিবিসিকে বলেন, নিহতদের বেশিরভাগই হাসপাতালে চিকিৎসাধীন রোগী ছিলেন। এটি বেসামরিক স্থানে সেনাবাহিনীর নৃশংস হামলা। বেসামরিকদের বোমা হামলার দায় তাদেরই নিতে হবে।
আরাকান আর্মির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টার দিকে হামলায় ঘটনাস্থলেই ১০ রোগী নিহত এবং আরও অনেকে আহত হন।
ঘটনাস্থল থেকে তোলা বলে ধারণা করা ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে হাসপাতাল কমপ্লেক্সের বিভিন্ন অংশে ধ্বংস হয়ে যাওয়া সিলিং, ভাঙা হাসপাতালের বেড এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা গেছে।
২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ মারা গেছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে সেনাবাহিনী বিমান হামলা বাড়িয়ে বিভিন্ন এলাকা পুনর্দখলের চেষ্টা করছে। শত্রুপক্ষের ওপর বোমা ফেলতে সেনারা প্যারাগ্লাইডারও ব্যবহার করছে।
আরও পড়ুন: ‘সিরিয়ার সঙ্গে সংঘর্ষ এখন অবশ্যম্ভাবী’
বহু বছর ধরে সেনা সরকার জাতিগত মিলিশিয়াদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত। এক পর্যায়ে দেশের অর্ধেকের বেশি অংশের নিয়ন্ত্রণ হারিয়েছিল।
তবে সম্প্রতি চীন ও রাশিয়া থেকে প্রযুক্তি ও সরঞ্জাম আসায় পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বিমান হামলা ও ভারী গোলাবর্ষণের মাধ্যমে জান্তা সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে।
চলতি বছরের শুরুর দিকে, একটি সেনাবাহিনী পরিচালিত মোটরাইজড প্যারাগ্লাইডার ধর্মীয় উৎসবে বিক্ষোভরত একটি জনতার ওপর দুইটি বোমা ফেললে ২০ জনের বেশি মানুষ নিহত হন। সূত্র: বিবিসি
নিউজবাংলাদেশ.কম/এনডি








