News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৯, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ১৯:২২, ১৭ জানুয়ারি ২০২০

পাঠ্যপুস্তকে ই-কমার্স অন্তর্ভূক্ত করা হবে

পাঠ্যপুস্তকে ই-কমার্স অন্তর্ভূক্ত করা হবে

কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্যপুস্তকে ই-কমার্স অন্তর্ভূক্ত করা হবে। শিক্ষা সচিব নজরুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, "একটি শক্তিশালী ই-কমার্স ইণ্ডাস্ট্রি গড়ে তোলার লক্ষ্যে দক্ষ জনবল তৈরি করতে স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের ই-কমার্স সম্পর্কে জানাতে হবে।"

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর ই-কমার্স মাস উদযাপন অনুষ্ঠানে শুক্রবার রাতে শিক্ষা সচিব বলেন "দেশে ই-কমার্সকে জনপ্রিয় তুলতে হলে সাধারণ মানুষকে ই-কমার্স সম্পর্কে সচেতন করতে হবে আর এ জন্যে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে মেলা আয়োজন করা যেতে পারে। একইসঙ্গে ই-কমার্স সম্পর্কে মানুষের মধ্যে আস্থা তৈরি করতে হবে। এ জন্যে অবশ্যই পণ্য ডেলিভারি ব্যবস্থা উন্নত করতে হবে।"

তিনি বলেন, "বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরণের শাকসব্জি জন্মে যেমন- নাপা শাক, তোপসে মাছ। এসব পণ্য ঢাকা সহ বড় বড় শহরগুলোতে তেমন পাওয়া যায় না এবং অনেকেই এসব শাকসব্জি বা মাছের কথা জানে না। ই-কমার্সের মাধ্যমে দেশের যেকোন জায়গায় বসে মানুষ অনলাইনে এসব পণ্য কিনতে পারে।
 
ই-কমার্স মাস উপলক্ষে ধানমণ্ডির স্টার্ট আপ রেস্টুরেন্ট অ্যাণ্ড ক্যাফেতে অনুষ্ঠিত সম্মিলনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রাক্তন সভাপতি মোস্তাফা জব্বার ও মোঃ সবুর খান, জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম,  বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম,  বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের মহাব্যবস্থাপক কে. এম. আব্দুল ওয়াদুদ, এসএমই ফাউণ্ডেশন জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ মুজিবুর রহমান, আড়ং  সিওও মোহাম্মদ আব্দুর রউফ, এস এস এল ওয়্যারলেস মহা-ব্যবস্থাপক আশীষ চক্রবর্তী এবং ডায়মণ্ড ওয়ার্ল্ড লিমিটেড এর হেড অব অনলাইন প্রমোশন মোঃ গিয়াস উদ্দীন বক্তব্য দেন।

উপস্থিত ছিলেন ই-ক্যাব সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ তমাল, ই-ক্যাব অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক, ই-ক্যাব ডিরেক্টর(গভর্ণমেন্ট অ্যাফেয়ার্স) রেজওয়ানুল হক জামী, ই-ক্যাব ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স) সেজান সামস, ই-ক্যাব ডিরেক্টর(কমিউনিকেশনস) আসিফ আহনাফ, এবং ই-ক্যাব নির্বাহী পরিচালক ফেরদৌস হাসান সোহাগ বক্তব্য রাখেন।

দেশে ই-কমার্সকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ২০১৫ সালকে “ই-কমার্স বছর” হিসেবে ঘোষণা করে। এ কর্মসূচির অংশ হিসেবে এপ্রিল ৭, ২০১৫ (মঙ্গলবার) “ই-কমার্স দিবস” উদযাপন করে এবং এপ্রিল মাস জুড়ে “ই-কমার্স মাস” পালন করছে। ই-কমার্স দিবস এবং ই-কমার্স মাস উপলক্ষে ই-ক্যাব এর সদস্যরা ডিসকাউন্টসহ বিভিন্ন অফার দিয়েছে।
 
অনুষ্ঠানের শেষে অতিথিরা কেক কেটে লিটলঅ্যাঞ্জেলসবিডি.কম ওয়েবসাইটের উদ্বোধন করেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়