সাইবার হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রে ‘জরুরি অবস্থা’
সাইবার হামলা মোকাবিলায় ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি হামলাকারী ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে চিহ্নিত করে তাদের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগকে সাইবার হামলাকারী ব্যক্তি ও গোষ্ঠী দমনের সুবিধার্থে এ পদক্ষেপ নিলেন ওবামা। দেশটির আইনপ্রণেতা, নিরাপত্তা ও আইন বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, এর আওতা ব্যাপক। খবর রয়টার্সের।
মার্কিন প্রশাসনিক কর্মকর্তারা দেশটির কম্পিউটার নেটওয়ার্কে সাইবার হামলাকারী ভিনদেশি ব্যক্তি ও গোষ্ঠী মোকাবিলায় নেয়া এসব সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সংকটে আরোপিত নিষেধাজ্ঞার সমতুল্য বলে জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের হোম ডিপো এবং অন্যান্য জাতীয় বিপণন সংস্থাসহ সামরিক নেটওয়ার্কে সম্প্রতি লাগাতার সাইবার হামলার পরই সম্পদ বাজেয়াপ্তের মতো এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা বিভিন্ন কোম্পানির ওপরও প্রভাব ফেলতে পারে। কেননা, সাইবার হামলার বিষয়টি এতটাই জটিল যে, একটা ঘটনার নানা স্তরে সম্পৃক্ত হয়ে পড়া নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে সত্যিকার দোষীদের চিহ্নিত করা অনেক সময়ই কঠিন হয়ে পড়ে।
বারাক ওবামা এক বিবৃতিতে বলেছেন, স্পর্শকাতর অবকাঠামোর ক্ষতিসাধন করা, আর্থিক তহবিল তছনছ করে দেয়া, বাণিজ্যিক গোপনীয়তা চুরি ব্যবসায়িক লাভের জন্য তা ব্যবহার করা এবং কম্পিউটার নেটওয়ার্কে হামলা চালানোর ঘটনায় এই নিষেধাজ্ঞা আরোপিত হবে। যেসব প্রতিষ্ঠান জেনেশুনেও যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক ক্ষতি করতে চুরি করা তথ্য ব্যবহার করবে তারাও এর আওতায় পড়বে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








