কৃষি বিষয়ক সেবা নিয়ে "আগামীর কৃষক, ই-কৃষক"
কৃষক ও কৃষি পণ্য ব্যবসায়ীদের জন্য তথ্য, প্রযুক্তি এবং বাজারজাত সেবা প্রদানের লক্ষ্যে ‘আগামীর কৃষক, ই-কৃষক’ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট এর (বিআইআইডি) যৌথ সহযোগিতায় দেশব্যাপী এর কার্যক্রম চলবে।
কৃষক এবং কৃষি পণ্য ব্যবসায়ীরা এর মাধ্যমে মোবাইল ফোন এবং ইন্টারনেটে স্বল্প সময়ে, সঠিক ও কার্যকর কৃষি সম্প্রসারণ সেবা পাবেন বলে আশা করছে দেশের শীর্ষ এই মোবাইল অপারেটর কোম্পানি।
উদ্যোগের অংশ হিসেবে কার্যক্রমে অংশ নেয়া সেরা তিন ধারণা, অগ্রসর তিন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং তিন কৃষি উদ্যোক্তা নির্বাচন করা হয়েছে। গত মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সেরা ই-কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, বিআইআইডি ২০০৮ থেকে আইসিটি ক্ষেত্রে কাজ করে আসছে। এরই মধ্যে দেশের সাড়ে তিনশ উপজেলায় বিস্তৃত হয়েছে তাদের সেবা। ই-কৃষক ওয়েবসাইটের (www.ekrishok.com) মাধ্যমে আগামীর কৃষক, ই-কৃষক সেবা চলবে এবং পরবর্তী পর্যায়ে স্মার্ট ভিলেজের মাধ্যমে এ কার্যক্রমকে প্রসারিত করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








