বাংলাদেশে ২১ এপ্রিল থেকে বিনা খরচে ইন্টারনেট
আগামী ২১ এপ্রিল থেকে বিনা খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ব্যবহারকারীরা। বাংলাদেশে ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত এই সেবা পাওয়া যাবে।
ওইদিন সকাল সাড়ে ১০টায় ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পের উদ্বোধন করবেন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট ক্রিস। রাজধানীর আগারগাঁওয়ের বিসিসি ভবনে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফেসবুক ভারতের পরিচালক আঁখি দাস ও আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এই প্রকল্প বাস্তবায়নের ফলে ওয়েব থেকে সরাসরি কিংবা অ্যাপ থেকেও বিনামূল্যে ফেসবুক, তথ্য বাতায়ন, উইকিপিডিয়া ইত্যাদি ইন্টারনেটভিত্তিক সেবা পাওয়া যাবে।
সূত্রমতে, শুরুতে ন্যাশনাল পোর্টাল বা জাতীয় তথ্য বাতায়ন ইন্টারনেট ডট ওআরজির মাধ্যমে দেখা যাবে। পর্যায়ক্রমে সব পোর্টাল, সাইট এই সেবার আওতায় চলে আসবে।
চলতি বছরের মধ্যে বিশ্বের ১০০ দেশ এই সেবার আওতায় নিয়ে আসতে ফেসবুক যে কর্মসূচি হাতে নিয়েছে তার আওতায় বাংলাদেশেও এই ডটওআরজি প্রকল্প চালু করছে ফেসবুক কর্তৃপক্ষ।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








