News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৬, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ১৯:২৩, ১৭ জানুয়ারি ২০২০

বেসিসের নতুন ই-কমার্স জোট গঠন

বেসিসের নতুন ই-কমার্স জোট গঠন

ঢাকা: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ই-কমার্স জোট গঠন করেছে। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে "বেসিস ই-কমার্স অ্যালায়েন্স" নামে এই জোটের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

এ কে এম ফাহিম মাশরুরের নেতৃত্বে ২৩ সদস্যের বেসিস ই-কমার্স জোটের আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়। এতে অনলাইনের মাধ্যমে পণ্য বেচাকেনা বা এ সম্পর্কিত সেবাদাতা সব প্রতিষ্ঠান ও উদ্যোক্তা সদস্য হতে পারবেন।

জোটের উদ্বোধনকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান নবগঠিত বেসিস ই-কমার্স অ্যালায়েন্সকে সাধুবাদ জানিয়ে বলেন, "দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে বেসিসকে বাংলাদেশ ব্যাংক ভবিষ্যতেও সম্ভব সব রকম সহযোগিতা দেবে।"

অনুষ্ঠানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, ই-কমার্স ব্যবসাকে সম্প্রসারিত করতে এর সঙ্গে জড়িত সবাইকে সমভাবে সম্পৃক্ত করা প্রয়োজন।

বেসিস সভাপতি শামীম আহসান জানান, অনলাইনে পণ্য বেচাকেনা করে এমন যেকোনো কোম্পানি, লজিস্টিক বা কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান, আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান, ফেসবুক কমার্স ও মোবাইল কমার্সে যুক্ত প্রতিষ্ঠান এই জোটের সদস্য হতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব সুশান্ত কুমার সাহা, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ, বিসিএসের সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ ও আইএসপিএবির সভাপতি আক্তারুজ্জামান ও বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদসহ অনেকে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়