ভুয়া এআই সিনেমা ট্রেলারের অভিযোগে দুটি ইউটিউব চ্যানেল স্থায়ীভাবে নিষিদ্ধ
ছবি: ইন্টারনেট
ভুয়া ও বিভ্রান্তিকর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সিনেমার ট্রেলার প্রকাশের অভিযোগে দুটি ইউটিউব চ্যানেল স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। নিষিদ্ধ চ্যানেল দুটি হলো ভারতের ‘স্ক্রিন কালচার’ এবং যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ‘কেএইচ স্টুডিও’।
ইউটিউবের তথ্যানুযায়ী, চ্যানেলগুলো দীর্ঘদিন ধরে সিনেমা ও টেলিভিশন ধারাবাহিকের ভুয়া ট্রেলার প্রকাশ করে আসছিল, যেগুলো দেখতে আনুষ্ঠানিক ট্রেলারের মতোই মনে হতো। ফলে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এসব ভিডিওকে অফিশিয়াল হিসেবে ভেবেছেন। নিষিদ্ধ হওয়ার আগে চ্যানেল দুটি মিলিতভাবে ২০ লাখের বেশি সাবস্ক্রাইবার ও ১০০ কোটি ছাড়িয়ে ভিউ সংগ্রহ করেছিল।
বিনোদনবিষয়ক ওয়েবসাইট ডেডলাইন ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, চ্যানেল দুটি মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ও ধারাবাহিকের ট্রেলারে নিয়মিতভাবে অফিশিয়াল ফুটেজের সঙ্গে এআই প্রযুক্তি ব্যবহার করত। ভিডিওগুলো এমনভাবে সম্পাদিত হতো, যা বাস্তব মনে হওয়ায় দর্শক বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি করত।
চলতি বছরের শুরুতে বিভ্রান্তিকর কনটেন্ট প্রকাশ এবং কৃত্রিমভাবে তৈরি ভিডিও সম্পর্কে যথাযথ তথ্য না দেওয়ার অভিযোগে ইউটিউব চ্যানেল দুটির আয় করার সুবিধা স্থগিত করেছিল। পরে কিছু সংশোধনের পর সাময়িকভাবে আবার আয় করার অনুমতি দেওয়া হলেও তা স্থায়ী হয়নি।
আরও পড়ুন: দেশের অর্ধেক মানুষ এখনো ইন্টারনেটের বাইরে: বিবিএস
প্রযুক্তি সংবাদমাধ্যম দ্য ভার্জকে দেওয়া এক বিবৃতিতে ইউটিউবের মুখপাত্র জ্যাক ম্যালন জানিয়েছেন, আয় করার অনুমতি ফিরে পাওয়ার পরও চ্যানেল দুটি স্প্যাম এবং বিভ্রান্তিকর মেটাডেটা সম্পর্কিত নীতিমালা বারবার লঙ্ঘন করেছে। এর ফলে চূড়ান্তভাবে চ্যানেল দুটি প্ল্যাটফর্ম থেকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হয়েছে। সূত্র: টেকলুসিভ
নিউজবাংলাদেশ.কম/এসবি








