পিঠা খেতে চেয়েছেন দূতাবাস কর্মকর্তা, তাই...
রিয়াদে আল ওহা কোয়ার্টার এলাকায় বাংলাদেশ দূতাবাসের প্রধান কাউন্সিলর আইয়ুব আলী পিঠা খেতে চেয়েছেন। তাই বুধবার দুপুরে দূতাবাসের কার্যালয়কে পরিণত করা হয় ক্ষুদে পিঠা মেলায়। বিশ্বস্ত একটি সূত্র জানায়, আগামী ১৭ এপ্রিল রিয়াদের স্যাডো নামের একটি সংগঠনের উদ্যোগে বৈশাখী মেলার অনুমতি দেওয়ার সূত্রে দূতাবাসের কার্যালয় প্রধান পিঠা খাওয়ার আবদার করেন ওই সংগঠনের কর্মকর্তাদের কাছে।
আর সেই আবদার পুরণ করতে স্যাডোর কর্মকর্তারা বুধবার অফিস সময়ে দূতাবাসের কার্যালয় প্রধানের রুমকে রীতিমত পিঠা মেলায় পরিণত করেন। এসময় দাপ্তরিক কাজ ফেলে ‘পিঠা খাওয়ার উৎসবে’ যোগ দেন অন্যান্য কাউন্সিলরসহ বেশ কয়েকজন কর্মকর্তা।
এদিকে, একটি সংগঠনের পক্ষ থেকে অফিস ডে-তে দূতাবাস কার্যালয়ে পিঠা মেলার আয়োজন করা যায় কিনা সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন সাধারণ প্রবাসীরা। দূতাবাস সূত্র জানায়, স্যাডোর প্রধান উপদেষ্টা আবুল খায়ের এবং সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সহসভাপতি সালাম কিরনের নেতৃত্বে দুপুর ১২টার দিকে পিঠা পায়েস নিয়ে একটি দল দূতাবাস প্রাঙ্গণে প্রবেশ করেন। এরপর কার্যালয় প্রধানের কক্ষে সারি সারি সাজানো হয় হরেক রকম পিঠার পাতিল। বিকাল ৪টা নাগাদ শেষ হয় এই অসময়ের অনৈতিক পিঠা উৎসবের। তবে প্রবাসীদের সেবা দেওয়ার ক্ষেত্রে দূতাবাসের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীদের তেমন উৎসাহ দেখা যায় না, যতটুকু দেখা যায় এ ধরনের বিনা পয়সার খাওয়া বা সুবিধা নেওয়ার কাজে- এ আক্ষেপ করেন প্রবাসীদের অনেকেই।
এ ব্যাপারে সেলফোনে যোগাযোগ করলে প্রধান কাউন্সিলর আইয়ুব আলী নিউজবাংলাদেশ.কমকে বলেন, “কমিউনিটির লোকজন এসেছিল মেলা নিয়ে কথা বলতে। কোনও পিঠা উৎসব হয়নি এখানে।”
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম








