মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: ৬ দেশের প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং পরবর্তী পাল্টা আঘাতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটেছে। এই প্রেক্ষাপটে ওই অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাস।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) পৃথক পৃথক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক ও লেবাননে অবস্থানরত প্রবাসীদের নিরাপদ অবস্থানে থাকার এবং প্রয়োজনীয় প্রস্তুতি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
যুদ্ধ শুরুর পর এরই মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশি কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে, যা প্রবাসীদের নিরাপত্তা ঝুঁকি আরও স্পষ্ট করেছে।
দূতাবাসগুলোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলতে হবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খোলা আকাশের নিচে অবস্থান বা অপ্রয়োজনীয় জমায়েত থেকে বিরত থাকতে হবে। স্থানীয় সরকারের বিবৃতি ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণ এবং সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘাতসংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড কিংবা ভিত্তিহীন তথ্য প্রচার দেশটির প্রচলিত আইনের পরিপন্থী হতে পারে- এমন সতর্কবার্তাও দেওয়া হয়েছে। একই ধরনের সতর্কতা কাতারসহ অন্যান্য দেশেও পুনর্ব্যক্ত করা হয়েছে।
আবুধাবীতে বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনায় প্রবাসীদের সম্ভাব্য সংকট বিবেচনায় নগদ অর্থ, এমিরেটস আইডি, পাসপোর্ট, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, পানি ও শুকনো খাবার সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কাতারে বসবাসকারীদের ক্ষেত্রে কাতার আইডি ও হেলথ কার্ড সঙ্গে রাখার নির্দেশনাও যুক্ত হয়েছে। কুয়েতে সিভিল আইডি ও হেলথ ইন্স্যুরেন্স কার্ড, বাহরাইনে সি.পি.আর. কার্ড বহনের কথা বলা হয়েছে।
সবগুলো দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বস্ত করা হয়েছে। জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক যোগাযোগের জন্য প্রতিটি দেশে হটলাইন নম্বর ও ইমেইল চালু রাখা হয়েছে।
জরুরি যোগাযোগের ঠিকানা
আরব আমিরাত (আবুধাবী ও দুবাই)
হটলাইন: +৯৭১ ৫৬৬১১ ৭২১৫, +৯৭১ ০২৪৪৬ ৫১০০, +৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২, +৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬
দুবাই কনস্যুলেট: +৯৭১ ৫০৮১৬৮২৫৩, +৯৭১ ৫০৮১৬৮৩৬৩
ইমেইল: mission.abudhabi@mofa.gov.bd, mission.dubai@mofa.gov.bd
ইরাক
হটলাইন (WhatsApp): +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০
ইমেইল: mission.baghdad@mofa.gov.bd
কুয়েত
হটলাইন: +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪, +৯৬৫ ৫০৮৯৫১৬১
ইমেইল: mission.kuwait@mofa.gov.bd
বাহরাইন
হটলাইন: +৯৭৩ ৩৩৩৭৫১৫৫
ইমেইল: mission.manama@mofa.gov.bd
কাতার
হটলাইন: +৯৭৪ ৩৩৬৬২০০০
ইমেইল: mission.doha@mofa.gov.bd
দূতাবাসগুলো জানিয়েছে, পরিস্থিতির পরিবর্তন হলে নতুন নির্দেশনা জারি করা হবে। প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান পুনর্ব্যক্ত করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








