মালয়েশিয়ায় লরি দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার পেহাং রাজ্যে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে পেহাং রাজ্যের রোমপিন জেলার কামপুং পেরভিরা জয়ার কাছে জালান ফেলদা সেলানচার–ফেলদা রেডং সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস (এনএসটি) অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, একটি দাইহাতসু ব্র্যান্ডের পিকআপ (লরি) উল্টে গিয়ে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত দুই বাংলাদেশি শ্রমিক হলেন মো. কাদের (৩৪) ও মো. ডালিম (৩০)। তারা দুজনই পামওয়েল বা তেলপাম বাগানের শ্রমিক ছিলেন।
দুর্ঘটনায় পিকআপের পেছনে থাকা আরেক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হন। আহত শ্রমিকের নাম মোহাম্মদ আসকার (৪১)। তিনি বর্তমানে সেগামাত হাসপাতালের রেড জোনে চিকিৎসাধীন রয়েছেন।
রোমপিন জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট শরিফ শাই শরিফ মন্দোই জানান, দুর্ঘটনার সময় চারজন বিদেশি শ্রমিক একটি লরি বা পিকআপে করে ফেলদা রেডং এলাকা থেকে ফেলদা সেলানচার (বা ফেলদা সেলাকার) অভিমুখে যাচ্ছিলেন। গাড়িটিতে পাম বাগানে ব্যবহৃত কীটনাশক ও রাসায়নিক বহন করা হচ্ছিল। লরিটির সামনের আসনে চালকসহ দুজন এবং পেছনে আরও দুজন শ্রমিক অবস্থান করছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ৩৩০ ‘দুষ্কৃতকারী’র প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, চলন্ত অবস্থায় লরিচালক সামনে থাকা একটি গাড়িকে ওভারটেক বা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দ্রুতগতির লরিটি সড়কের বাম পাশে থাকা খাদে পড়ে উল্টে যায়। এতে সামনের আসনে থাকা মো. কাদের এবং পেছনের যাত্রী মো. ডালিম ঘটনাস্থলেই মারা যান। পেছনে থাকা আরেক শ্রমিক গুরুতর আহত হলেও চালক অক্ষত রয়েছেন।
পুলিশ জানায়, নিহত দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য পেহাং প্রদেশের মুয়াদজাম শাহ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শ্রমিককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সেগামাত হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাকে রেড জোনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তদন্তে আরও জানা গেছে, দুর্ঘটনায় জড়িত লরিচালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্সের মেয়াদও পার হয়ে গিয়েছিল। এ অবস্থায় লাইসেন্সবিহীন চালককে কীভাবে গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছিল, সে বিষয়ে লরিটির মালিককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে নিহত ও আহত বাংলাদেশি শ্রমিকদের সবারই বৈধ ভ্রমণ নথি এবং পাম বাগানে কাজ করার অনুমতিপত্র ছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।
রোমপিন জেলা পুলিশ জানিয়েছে, ঘটনাটি মালয়েশিয়ার সড়ক পরিবহন আইনের অধীনে তদন্তাধীন রয়েছে। এ আইনে দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানার বিধান রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








