নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪৬, ১০ এপ্রিল ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

নিহত দিপালী। ছবি: সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে দখলদার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় দিপালী (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। গত বুধবার (০৮ এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

শুক্রবার (১০ এপ্রিল) লেবাননের বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

নিহত দিপালী ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ ইউনিয়নের চর শালেপুর গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে। তার মায়ের নাম রোজিনা খাতুন। দূতাবাস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিপালী বৈরুতের হামরা এলাকায় তার কফিলের (নিয়োগকর্তা) বাড়িতে কর্মরত ছিলেন। গত বুধবার ওই এলাকায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা (এয়ার স্ট্রাইক) চালালে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। 

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: একনজরে ৪০ দিনের লড়াই ও প্রাণহানি

প্রাথমিক তথ্য অনুযায়ী, একই হামলায় দিপালীর কফিল এবং ওই পরিবারের আরও একাধিক সদস্য নিহত হয়েছেন। কফিলের এক প্রতিবেশীর বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে মরদেহের বর্তমান অবস্থা ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নিহতের মৃত্যুতে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একইসঙ্গে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (০৯ এপ্রিল) লেবাননে ইসরায়েলি বাহিনী এক ভয়াবহ তান্ডব চালায়। স্থানীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সূত্রমতে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ঘোষণার পরপরই এই হামলা চালানো হয়। একদিনের এই ভয়াবহ বিমান হামলায় লেবাননে অন্তত ৩০৩ জন নিহত এবং ১১০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। দিপালী সেই হামলারই একজন শিকার। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গভাবে যাচাইয়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়