উদীচীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত
রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে একদল দুর্বৃত্ত কার্যালয়টিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক হঠাৎ করে উদীচীর কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর শুরু করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় কার্যালয়ের ভেতরে কেউ উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন উদীচীর নেতারা।
উদীচীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন গণমাধ্যমকে বলেন, আধা ঘণ্টা আগে উদীচী কার্যালয়ে হামলা হয়েছে। আমি সেখানে যাচ্ছি। এখন পথে আছি। পরে বিস্তারিত জানাব।
এদিকে উদীচী শিল্পী গোষ্ঠীর একাংশের সাংগঠনিক সম্পাদক আরিফ নূর ঘটনাস্থলে অবস্থান করে বলেন, আমাদের কার্যালয়ে এখন আগুন জ্বলছে। আমাদের কক্ষটি একটু ভেতরের দিকে। সেই কক্ষেও আগুন জ্বলতে দেখা যাচ্ছে। আমরা বাইরে আছি। আগুন নেভানোর চেষ্টা চলছে।
আরও পড়ুন: ছায়ানটে হামলার প্রতিবাদে শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীদের কণ্ঠে জাতীয় সংগীত
উদীচীর ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক কংকন নাগ শুক্রবার রাত ৮টার দিকে জানান, আধা ঘণ্টা আগে অফিসে আগুন দিয়েছে একদল লোক। তখন অফিসে কেউ ছিল না। আমরা সবাই কার্যালয়ের দিকে যাচ্ছি।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, তোপখানা রোডে উদীচীর কার্যালয়ে আগুনের খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট পাঠানো হয়। পরে আরও একটি ইউনিট যোগ দেওয়া হয়।
অন্যদিকে প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে মোট চার থেকে পাঁচটি ইউনিট কাজ করে। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে ঘটনাস্থলে থাকা উদীচীর কর্মীরা জানান।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি দেখা গেছে।
হামলার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/পলি








