News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৬, ১৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৯:৫৭, ১৯ ডিসেম্বর ২০২৫

ছায়ানটে হামলার প্রতিবাদে শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীদের কণ্ঠে জাতীয় সংগীত

ছায়ানটে হামলার প্রতিবাদে শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীদের কণ্ঠে জাতীয় সংগীত

ছবি: সংগৃহীত

রাজধানীর সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে সংঘটিত ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে নালন্দা ও ছায়ানট বিদ্যায়তনের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং সংস্কৃতিকর্মীরা একত্রিত হয়ে শান্তিপূর্ণ প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে অনুষ্ঠিত এই আয়োজনে অংশগ্রহণকারীরা সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতসহ কয়েকটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন। 

অনুষ্ঠানে উপস্থিত সংস্কৃতিকর্মী আরিফ নূর বলেন, রাতে ছায়ানটে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তার প্রতিবাদে এটি আমাদের তাৎক্ষণিক ও স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। সংস্কৃতির ওপর হামলা মানেই সমাজের মূল সত্তার ওপর আঘাত।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর (একাংশ) সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন জানান, হামলার ঘটনায় অনেকে উৎকণ্ঠা নিয়ে সকাল থেকে ছায়ানটে আসছেন। আমরা শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে একত্র হয়ে গান গেয়ে প্রতিবাদ জানিয়েছি।

আরও পড়ুন: হাদির মৃত্যু: দেশের বিভিন্ন স্থানে আগুন, ভাংচুর

প্রতিবাদী এই আয়োজনে অংশ নেওয়া ব্যক্তিরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। কেউ কেউ প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বেলা আড়াইটার দিকে ছায়ানট ভবন পরিদর্শনে যান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

তিনি বলেন, ছায়ানট ভবনে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত প্রত্যেককে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছায়ানট কর্তৃপক্ষকে জানিয়েছি, ক্ষয়ক্ষতি নিরূপণ করে যাবতীয় সংস্কার কার্যক্রম শেষ করে প্রতিষ্ঠানটি দ্রুত চালু করতে হবে। সরকার এ বিষয়ে আর্থিক সহায়তাসহ সব ধরনের সহায়তা প্রদান করবে।

উপদেষ্টা আরও জানান, ছায়ানটের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভবনের বাইরে বিজিবি ও পুলিশ নিয়োজিত রয়েছে। এছাড়া তিনি ছায়ানটের সংগঠক পার্থ তানভীর নভেদসহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়