News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪২, ১৯ ডিসেম্বর ২০২৫

হাদির মৃত্যু: দেশের বিভিন্ন স্থানে আগুন, ভাংচুর

হাদির মৃত্যু: দেশের বিভিন্ন স্থানে আগুন, ভাংচুর

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের নায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সারা দেশ ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় মানুষ রাজপথে নেমে এসেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতেই রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রজনতা বিক্ষোভ প্রদর্শন করে। পতিত আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধারা। তারা অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানিয়েছেন। ছাত্রজনতার সঙ্গে এক কাতারে বিক্ষোভে অংশ নেন জুলাই অভ্যুত্থানের নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন ছাত্র সংগঠন ও ডাকসু নেতারাও সড়কে নেমেছেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, হত্যা করে আধিপত্যবিরোধী লড়াই বন্ধ করা যাবে না।

হাদির মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার রাত ১০টা থেকে রাত ৩টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি ও শনিরআখড়া এলাকায় ব্লকেড কর্মসূচি পালিত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-মাওয়া ও ঢাকা-ডেমরা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, শতশত রোগী ও যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

রাজধানীর উত্তরা, মিরপুর, ধানমণ্ডি ৩২ ও ছায়ানটে রাতভর বিক্ষোভ চলতে থাকে। প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধরা। আগুন ছড়িয়ে পড়ার কারণে ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী, যাদের পরে ফায়ার সার্ভিস উদ্ধার করে।

আরও পড়ুন: শুক্রবার প্রকাশিত হয়নি প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা

শুধু রাজধানীতেই নয়, হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও করা হয়; সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে আগুন দেওয়া হয়। রাজশাহীর নগর আওয়ামী লীগ অফিস গুড়িয়ে দেওয়া হয়। সিলেট ও বরিশালেও বিক্ষোভ মিছিল বের হয়। নেত্রকোনায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিচার দাবি করা হয়। ঝালকাঠিতেও অনেক মানুষ রাস্তায় নেমে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়