News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৬, ১৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২২, ১৮ জানুয়ারি ২০২০

টলিউড মাতাচ্ছেন বাংলাদেশি ৫ নায়িকা

টলিউড মাতাচ্ছেন বাংলাদেশি ৫ নায়িকা

কলকাতার সিনেমায় বাংলাদেশি অভিনেত্রীদের জয় জয়কার বেড়েই চলছে। হাল আমলে টলিউডকে ভালোই নাড়া দিচ্ছেন ঢালিউডের নায়িকারা। টলিউডের ছবিতে এই মুহূর্তে বাংলাদেশি নায়িকাদের মধ্যে যারা সবচে এগিয়ে রয়েছেন তাদের নিয়েই এ আয়োজন-

জয়া আহসান
নব্বইয়ের শেষ দিকে মডেল হিসেবে যাত্রা শুরু করলেও জয়া আহসান ‘ডুবসাঁতার’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিনয় শুরু করেন। এছাড়া ‘গেরিলা’ চলচ্চিত্রে অভিনয় করে পান জাতীয় পুরস্কার। এরপরই মূলত টলিউডে নাম লেখান এ নায়িকা। বর্তমানে টলিউডে মুক্তির প্রতীক্ষায় আছে জয়া আহসান অভিনীত সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘রাজকাহিনি’। ১৯৪৭-এর ভারত-বাংলাদেশ ভাগের পটভূমিতে গড়ে উঠেছে রাজকহিনির গল্প।

এর আগে কলকাতার আবর্ত ছবিতে অভিনয় করেছিলেন তিনি। বর্তমানে তিনি টলিউডের নতুন ছবি ‘একটি বাঙালি ভূতের গপ্পো’তে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

মাহিয়া মাহি
ঢালিউডে বর্তমানের সবচেয়ে সফল নায়িকা মাহিয়া মাহি। তার এই জনপ্রিয়তা ছড়িয়ে ওপার বাংলাতেও। এর পরিপ্রেক্ষিতেই মাহি অভিনয় করেছিলেন দুই বাংলার যৌথ প্রযোজনার ছবি ‘রোমিও ভার্সেস জুলিয়েট’এ। অঙ্কুশের বিপরীতে এ ছবিটিও দারুণ হিট হয়য়ার পর স্বভাবতই টালিগঞ্জ মজেছে এ সুন্দরীতে। তার হাতে এখন ওপারের নির্মাতাদের বেশ কয়েকটি ছবি।

কুসুম শিকদার
বহুমুখী প্রতিভার এই সুন্দরী একাধারে মডেল, অভিনেত্রী ও সংগীতশিল্পী। সমানতালে কাজ করেছেন নাটক ও টেলিফিল্মে। এছাড়া ‘গহীনের শব্দ’ সিনেমায় অভিনয় করে পেয়েছেন জাতীয় পুরস্কার। বর্তমানে টলিউডে কুসুম কাজ করছেন গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ সিনেমায়। ছবিতে কুসুমের বিপরীতে রয়েছেন প্রসেনজিৎ।

দিলরুবা ইয়াসমীন রুহি

র‌্যাম্প মডেলিং দিয়ে রুহির যাত্রা শুরু হলেও দ্রুতই রুহি টেলিভিশনে চলে আসেন। প্রথম ছবি ‘সংগ্রাম’ এ হিন্দু নারীর ভূমিকায় তার অভিনয় প্রশংসা কুড়িয়েছিলো সমালোচকদের। এছাড়া জিরো ডিগ্রিতেও রুহির অভিনয় ছিলো অসাধারণ। রুহি বর্তমানে পরমব্রতের বিপরীতে একটি বিজ্ঞাপনের কাজ করছেন।

সোহানা সাবা

অভিনয় দক্ষতায় সাবা ইতোমধ্যেই নজর কেড়েছেন সবার। ছোটপর্দা থেকে শুরু করে বড় পর্দায় সবখানেই তিনি দেখিয়েছেন তার ব্যতিক্রমি অভিনয় দক্ষতা। এছাড়া খেলাঘর, চন্দ্রগ্রহণের মতো জনপ্রিয় ও প্রশংসিত ছবিতেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি টলিউডের অয়ন চক্রবর্তীর পরিচালনায় ‘ষড়রিপু’ নামের একটি ছবিতে কাজ করছেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়