কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমা ‘ভয়ংকর সুন্দর’
ছবি: সংগৃহীত
গোয়েন্দা চরিত্র কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির পঞ্চম চলচ্চিত্রের ঘোষণা এসেছে টালিগঞ্জ থেকে। কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়-এর সৃষ্টি এই কালজয়ী চরিত্রে আবারও পর্দায় হাজির হচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। নতুন সিনেমার নাম রাখা হয়েছে ‘ভয়ংকর সুন্দর’ এবং এটি ২০২৭ সালে মুক্তি পাবে।
ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ সিনেমা ‘বিজয়নগরের হিরে’ মুক্তির পর দর্শকের ব্যাপক আগ্রহকে মাথায় রেখেই নতুন কিস্তির ঘোষণা করা হয়েছে। এবারের ছবির পরিচালক থাকছেন চন্দ্রাশিস রায়, আর সংগীত পরিচালনা করবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। নির্মাতারা জানিয়েছেন, সিনেমার দৃশ্যধারণ করা হবে কাশ্মীরের বিভিন্ন মনোরম ও রোমাঞ্চকর লোকেশনে। তবে প্রসেনজিৎ ছাড়া অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।
সম্প্রতি ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী-তে ভূষিত হয়েছেন প্রসেনজিৎ। নতুন ছবির ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “কাকাবাবু শুধু একটি চরিত্র নয়, এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা একটি অনুভূতি। চতুর্থ সিনেমাটি মুক্তির পর দর্শকদের থেকে যে ভালোবাসা পেয়েছি, তা সত্যিই হৃদয় স্পর্শ করেছে। প্রতিটি ছবির মাধ্যমে আমরা সুনীল গঙ্গোপাধ্যায়কে শ্রদ্ধা জানাই এবং কাকাবাবুকে বর্তমান সময়ের দর্শকদের কাছে প্রাসঙ্গিক করার চেষ্টা করি।”
আরও পড়ুন: নির্বাচন নিয়ে অপু ও বুবলীর প্রত্যাশা
চলতি বছরের জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল কাকাবাবু সিরিজের চতুর্থ ছবি। প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে সরাসরি আলাপের সময় নির্মাতারা পরবর্তী কিস্তি নিয়ে বারবার প্রশ্নের সম্মুখীন হন। সেই জনপ্রিয়তাকে গুরুত্ব দিয়ে দর্শকদের উপস্থিতিতে নতুন ছবির ঘোষণা করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








