News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন নিয়ে অপু ও বুবলীর প্রত্যাশা

নির্বাচন নিয়ে অপু ও বুবলীর প্রত্যাশা

ফাইল ছবি

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনগণের রায়ে নতুন সরকার দায়িত্ব নেওয়ার ঠিক আগমুহূর্তে দেশের অন্যান্য শ্রেণি-পেশার মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও নির্বাচন ও ভবিষ্যৎ সরকার নিয়ে নিজেদের প্রত্যাশা ব্যক্ত করছেন। 

সেই তালিকায় রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলী। দুজনেরই প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন, শান্তিপূর্ণ পরিস্থিতি এবং একটি নিরাপদ বাংলাদেশ।

নতুন সরকারের কাছে প্রধানত দুটি দাবি জানিয়েছেন অপু বিশ্বাস। 

তিনি বলেন, নির্বাচিত সরকার যেন নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখে। পাশাপাশি দেশের বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নেওয়ার উদ্যোগ দেখতে চান তিনি। একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা হিসেবে অপু প্রত্যাশা করেন, সবাই যেন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট দিতে পারেন। যে সরকারই ক্ষমতায় আসুক, তাদের আগাম শুভেচ্ছা ও শুভকামনাও জানান তিনি।

অন্যদিকে নাগরিক নিরাপত্তা ও লিঙ্গসমতার ওপর জোর দিয়েছেন শবনম ইয়াসমিন বুবলী। 

আরও পড়ুন: গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি

তার ভাষায়, এখন পর্যন্ত জানা নেই কারা সরকারে আসছেন, তবে একজন সচেতন বাংলাদেশি নাগরিক হিসেবে তিনি চান সবাই নিরাপদ থাকুক এবং নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য না থাকুক। সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ পরিস্থিতির প্রত্যাশা করেন তিনি।

বুবলী আরও বলেন, প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হওয়া জরুরি। সেই প্রত্যাশা থেকেই একটি সুষ্ঠু নির্বাচনের আশা করছেন তিনি।

নির্বাচনের আবহের মধ্যেও ব্যস্ততা কমেনি এই দুই তারকার কর্মজীবনে। আসন্ন রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত বুবলী অভিনীত সিনেমা ‘প্রেশার কুকার’। নারীকেন্দ্রিক গল্পে নির্মিত এই ছবির পাশাপাশি তিনি ‘ঢাকাইয়া দেবদাস’ নামের আরেকটি সিনেমাতেও অভিনয় করছেন।

এদিকে অপু বিশ্বাসের হাতেও রয়েছে দুটি নতুন সিনেমা— কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ এবং বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’।

কাজের বাইরেও সম্প্রতি বুবলীকে ঘিরে ব্যক্তিগত জীবনে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। শোবিজ অঙ্গনে আলোচনা রয়েছে, তিনি আবারও মা হতে যাচ্ছেন এবং নাকি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। গত বছরের শেষ দিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটানোর পর থেকেই এ গুঞ্জনের সূত্রপাত। এমনকি দ্বিতীয় সন্তানের বাবাও শাকিব খান— এমন কথাও ভেসে বেড়াচ্ছে। তবে এ বিষয়ে বুবলী কিংবা শাকিব কেউই কোনো স্পষ্ট আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

এছাড়া শোনা যাচ্ছে, শাকিব খানের পরামর্শে সন্তান জন্মের প্রস্তুতি নিতে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে উড়াল দিতে পারেন বুবলী। যদিও এ বিষয়েও নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়