শিক্ষক অপসারণ দাবিতে ঢাবিতে ধর্মঘট
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ফখরুদ্দিনের দ্রুত অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা। অর্থ আত্মসাতসহ নানা অভিযোগের সাথে সম্পৃক্ত থাকায় ওই শিক্ষকের শাস্তির দাবিও জানিয়েছে তারা। তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন ড. ফখরুদ্দিন।
ধর্মঘটের ঘোষণা দেয়ার পর রোববার সকাল ৮ টায় কলা ভবনের ৪র্থ তলায় আরবী বিভাগের কয়েকটি কক্ষে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। এসময় তারা আরবি বিভাগ ঘিরে বিক্ষোভ মিছিল করে।
ঢাবি ছাত্রলীগের শিক্ষাবৃত্তি বিষয়ক সম্পাদক মো. মাসুম ধর্মঘটে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, ফখরুদ্দিন স্যার বিভাগের একাধিক শিক্ষার্থীর কাছ থেকে বিদেশ নিয়ে যাওয়ার নাম করে ৩ থেকে ৪ লাখ টাকা নিয়ে তা আর ফেরত দেননি। এ ছাড়া ২০০৯ সালে বিভাগের এক ছাত্রীর সাথে অপকর্মে লিপ্ত হয়ে আরবি বিভাগকে কলঙ্কিত করেন তিনি। আমরা তার দ্রুত অপসারণ দাবি করছি।
অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড. ফখরুদ্দিন জানিয়েছেন, বিভাগের সরকারপন্থী শিক্ষক প্রফেসর মো. ইউসুফের অবৈধভাবে চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করার বিরুদ্ধে কোর্টে অভিযোগ করায় তারা আমার বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ করছে।
তিনি আরও জানান, সরকারপন্থী কয়েকজন শিক্ষক তাদেরই মতাদর্শী ছাত্রদের দিয়ে বিভাগে আমার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








