শোলাকিয়ায় ঈদ জামাত সকাল ৯টায়, থাকবে কড়া নিরাপত্তা
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে পবিত্র ঈদুল আজহার ১৯৯তম জামাত অনুষ্ঠিত হবে বুধবার (২৭ মে) সকাল ৯টায়। ইতোমধ্যে ঈদজামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।
এবারের জামাতে ইমামতি করবেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মো. ছাইফুল্লাহ। শোলাকিয়ার ঐতিহ্য অনুযায়ী শটগানের গুলি ফুটিয়ে জামাত শুরু করা হবে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জামাত আয়োজনের লক্ষ্যে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাঠে দাগ কাটা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সিসি ক্যামেরা স্থাপন, বিদ্যুৎ সংযোগ, ওজুখানা, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে।
র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নোমান জানান, পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। প্রত্যেক মুসল্লিকে তল্লাশি করে মাঠে প্রবেশ করানো হবে। এ জন্য ৩১টি চেকপোস্ট, ৭টি আর্চওয়ে গেট ও ৫০টি মেটাল ডিটেক্টর স্থাপন করা হয়েছে। এছাড়া ড্রোন, সিসি ক্যামেরা ও বোম ডিসপোজাল টিম মোতায়েন থাকবে। ঈদগাহ ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন ৬১৬ জন পুলিশ সদস্য।
জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, ঈদের দিন পুরো ঈদগাহ এলাকা থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা। পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। দায়িত্ব পালন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কিছু বহন না করার আহ্বান জানানো হয়েছে।
দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন দুটি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। একটি ভৈরব থেকে সকাল ৬টায় এবং অন্যটি ময়মনসিংহ থেকে ভোর সাড়ে ৫টায় কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসবে। জামাত শেষে দুপুর ১২টায় ট্রেন দুটি কিশোরগঞ্জ স্টেশন থেকে ফিরে যাবে।
১৮২৮ সালে শোলাকিয়া ঈদগাহে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জনশ্রুতি রয়েছে, শাহ সুফি সৈয়দ আহমদের ইমামতিতে প্রথম জামাতে সোয়া লাখ মুসল্লি অংশ নিয়েছিলেন। সেই ‘সোয়া লাখ’ শব্দ থেকেই পরবর্তীতে ‘শোলাকিয়া’ নামের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়।
আরও পড়ুন: সৌদির সঙ্গে মিল রেখে লালমনিরহাটের ৩ গ্রামে ঈদ উদযাপন
এদিকে কিশোরগঞ্জ শহরের সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নারীদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








