বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত
সরাইলে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাধার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে স্থানীয় শহীদ মিনার এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম প্রহরে নেতাকর্মীদের সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে একদল যুবক মিছিল নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তাকে শ্রদ্ধা জানাতে বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ফুল না দিয়েই এলাকা ত্যাগ করতে বাধ্য হন রুমিন ফারহানা।
ঘটনার প্রতিবাদে তার সমর্থকেরা রাত সাড়ে ১২টার দিকে শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন, যার ফলে দুই পাশে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
রুমিন ফারহানা অভিযোগ করেন, পরাজয়ের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে হামলার চেষ্টা চালানো হয়েছে। বিএনপি যদি মাঠ পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করে, তবে এর পরিণাম ভয়াবহ হতে পারে।
তিনি আরও জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা করার প্রস্তুতি চলছে। এ সময় তিনি তার এক আহত কর্মী আব্দুল আহাদের অবস্থাও গণমাধ্যমের সামনে তুলে ধরেন।
আরও পড়ুন: ধামরাইয়ে ‘টর্নেডো’ নয়, ছিল ধূলিঘূর্ণি
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকায় উত্তেজনা বজায় থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








