ধামরাইয়ে ‘টর্নেডো’ নয়, ছিল ধূলিঘূর্ণি
ছবি: সংগৃহীত
ঢাকার ধামরাই এলাকায় সম্প্রতি জনমনে আতঙ্ক ও কৌতূহল সৃষ্টি করা টর্নেডো সদৃশ বাতাসের ঘূর্ণিপাকটিকে ‘ধূলিঘূর্ণি’ বা ‘ডাস্ট ডেভিল’ হিসেবে শনাক্ত করেছেন আবহাওয়াবিদরা।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি মূলত ভূমির অতিরিক্ত তাপমাত্রার কারণে সৃষ্ট একটি স্বল্পস্থায়ী ও তুলনামূলক কম শক্তিশালী প্রাকৃতিক প্রক্রিয়া, যা টর্নেডোর মতো বিধ্বংসী নয়।
বৃহস্পতিবার দুপুর ১টা ৪২ মিনিটের দিকে ধামরাই উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের পাশের বারবাড়িয়া এলাকায় আকিজ ফুডের কাছে শাহজালাল রেস্তোরাঁর সামনে হঠাৎ ধুলো-বালির সরু ঘূর্ণি আকাশের দিকে উঠতে দেখা যায়। ঘটনাটি মুহূর্তেই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই থেমে দৃশ্যটি পর্যবেক্ষণ করেন, ফলে এলাকায় সাময়িক চাঞ্চল্য সৃষ্টি হয়। বিকেল থেকেই এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আবহাওয়াবিদরা জানান, প্রখর রোদে খোলা মাঠ বা শুকনো স্থানে মাটি দ্রুত উত্তপ্ত হলে তার সংস্পর্শের বাতাসও গরম হয়ে হালকা হয়ে ওপরে উঠে যায়। এতে নিচে সাময়িকভাবে নিম্নচাপের মতো অবস্থা তৈরি হয়। চারপাশের তুলনামূলক ঠান্ডা বাতাস সেখানে প্রবেশের সময় যদি সামান্য ঘূর্ণন সৃষ্টি হয়, তা সরু ঘূর্ণিপাকে রূপ নেয়। এ সময় মাটি থেকে ধুলো-বালি, শুকনো পাতা কিংবা হালকা বস্তু ওপরে উঠে ঘুরতে থাকে যা ধূলিঘূর্ণি নামে পরিচিত।
আরও পড়ুন: নোয়াখালীতে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে নিহত ২
বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, সাধারণত দুপুরে সূর্যের তাপমাত্রা বেশি থাকলে এবং বাতাস শান্ত থাকলে এ ধরনের ঘটনা বেশি দেখা যায়। বাংলাদেশে শুষ্ক মৌসুমে খোলা মাঠ, চরাঞ্চল কিংবা ফসল কাটা জমিতে মাঝেমধ্যে ধূলিঘূর্ণি তৈরি হয়। মরুভূমি বা অতিশুষ্ক অঞ্চলে এ প্রবণতা আরও বেশি।
তারা আরও বলেন, অনেকেই ধূলিঘূর্ণিকে টর্নেডোর সঙ্গে গুলিয়ে ফেলেন। তবে টর্নেডো সাধারণত বজ্রঝড়ের সঙ্গে সৃষ্টি হয় এবং তা অনেক বেশি শক্তিশালী ও বিধ্বংসী। বিপরীতে ধূলিঘূর্ণি পরিষ্কার আকাশে স্থানীয় তাপমাত্রার পার্থক্যের কারণে তৈরি হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই বড় ধরনের ক্ষতি করে না।
তবে আকার বড় হলে ধূলিঘূর্ণির কারণে ধুলো উড়ে সাময়িকভাবে দৃষ্টিসীমা কমে যেতে পারে এবং হালকা বস্তু উড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এ সময় খোলা জায়গায় অবস্থানরত ব্যক্তি ও মাঠে কাজ করা মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আবহাওয়া বিশ্লেষকদের মতে, ধামরাইয়ের ঘটনাটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়ার অংশ এবং এ ধরনের ঘূর্ণি সাধারণত অল্প সময়ের মধ্যেই মিলিয়ে যায়।
নিউজবাংলাদেশ.কম/পলি








