শপথ গ্রহণ ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা
ফাইল ছবি
নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্য এবং দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের সমাগম হওয়ার কারণে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সীমিত থাকবে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রকাশিত হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, শপথ অনুষ্ঠান চলাকালীন সাময়িক অসুবিধা এড়াতে ডিএমপির ট্রাফিক বিভাগ বিকল্প রুট নির্ধারণ করেছে, যা ডাইভারশন পদ্ধতির মাধ্যমে কার্যকর হবে।
বিকল্প রুট ও ডাইভারশন নির্দেশনা:
১. মিরপুর রোড থেকে ফার্মগেট:
উত্তর দিক থেকে আসা ফার্মগেট বা সোনারগাঁও অভিমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।
২. ধানমন্ডি থেকে ফার্মগেট:
ধানমন্ডি ২৭ থেকে আগত যানবাহন আসাদগেট ও প্রতিরক্ষা গ্যাপ হয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিং-এর দিকে যাবে।
আরও পড়ুন: সিলেটে ২০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
৩. আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিং:
আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর), প্রতিরক্ষা গ্যাপ, ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিং-এর দিকে চলাচল করবে।
৪. এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ইন্দিরা রোড থেকে ধানমন্ডি:
এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং, ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ, বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে যাবে।
৫. মিরপুর রোড থেকে ধানমন্ডি:
মানিক মিয়া এভিনিউ থেকে ব্লক সরিয়ে ফেলা হয়েছে। সুতরাং দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী, শিশুমেলা, গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর), আসাদগেট হয়ে সরাসরি ধানমন্ডি ২৭-এর দিকে চলাচল করবে।
৬. এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প পরিবর্তন:
শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালীন ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প সচল থাকবে, যাতে যানজট ও দূর্ভোগ এড়ানো যায়।
ডিএমপি সকল প্রকার যানবাহন চালককে বিশেষভাবে অনুরোধ করেছে, ১৭ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ ও লেকরোড এড়িয়ে উল্লিখিত বিকল্প পথে চলাচল নিশ্চিত করার জন্য। এছাড়া সাময়িক অসুবিধার জন্য নগরবাসীর প্রতি ক্ষমা প্রার্থনা করেছে এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








