News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৪, ১০ ফেব্রুয়ারি ২০২৬

৩০০ টাকার ভাড়া ১ হাজার, পোশাক শ্রমিক ও যাত্রীদের সড়ক অবরোধ

৩০০ টাকার ভাড়া ১ হাজার, পোশাক শ্রমিক ও যাত্রীদের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে  সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিক ও ঘরমুখো যাত্রীরা। এতে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় যাত্রীরা সড়কে অবস্থান নেন। সকাল ৮টা ৪০ মিনিট পর্যন্ত অবরোধ চলছিল বলে জানা গেছে।

অবরোধকারীরা জানান, সোমবার পোশাক কারখানার শেষ কর্মদিবস ছিল। ছুটি শুরু হওয়ায় শ্রমিক ও ভোটাররা গ্রামের বাড়িতে ফিরতে থাকেন। এই সুযোগে বাসের চালক ও হেলপাররা নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি টাকা আদায় করছেন। অতিরিক্ত ভাড়া বন্ধ এবং ন্যায্য ভাড়া নিশ্চিতের দাবি জানিয়ে তারা সড়ক অবরোধ করেন।

যাত্রী মুখলেস জানান, জামালপুরে যাওয়ার জন্য নির্ধারিত ৩০০ টাকার ভাড়া এখন ১ হাজার টাকা দাবি করা হচ্ছে। পোশাক শ্রমিক আবুল কালাম সোহাগ বলেন, ভোট দিতে বাড়ি ফিরতে চাচ্ছেন, কিন্তু ডাবল ভাড়া চাওয়ায় সমস্যা হচ্ছে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান জানান, সড়কে যাত্রী চাপ বেশি থাকায় কিছু লোক অবস্থান নিয়েছে। তবে অবরোধের বিষয়ে থানার কাছে আনুষ্ঠানিক তথ্য নেই।

আরও পড়ুন: ফুকেট উপকূলে জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

অবরোধের কারণে নবীনগর–চন্দ্রা মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যাত্রীরা দ্রুত ন্যায্য ভাড়া কার্যকর করার দাবি জানিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়