News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৫, ১৩ ডিসেম্বর ২০২৫

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শান্ত (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত শান্ত দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে। আগামী ১৪ ডিসেম্বর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ হস্তান্তর করবে বিএসএফ।

বিজিবি সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাত আনুমানিক ২টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ বিওপি-সংলগ্ন সীমান্ত পিলার ১৫৪/৩-এস এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় ভারতীয় ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের উদয়নগর ক্যাম্প থেকে গুলি ছোড়া হলে শান্ত গুলিবিদ্ধ হন। ঘটনার সময় এলাকাবাসী তিনটি গুলির শব্দ শুনতে পান। পরে শান্তের পরিবার বিষয়টি বিজিবিকে অবহিত করে।

বিজিবি আরও জানায়, গুলিবিদ্ধ অবস্থায় শান্তকে বিএসএফ ভারতীয় সীমান্তে নিয়ে গিয়ে মুর্শিদাবাদ জেলার হোগলবাড়ী থানায় হস্তান্তর করে। সেখান থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, ঘটনার তদন্তে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। ঘটনার রাতে সীমান্তে শান্তসহ কয়েকজনকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। এতে শান্ত গুলিবিদ্ধ হলে তাকে আহত অবস্থায় বিএসএফ হেফাজতে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: গুলিবিদ্ধ হাদির গ্রামের বাড়িতে চুরি

তিনি আরও জানান, গত ৮ ডিসেম্বর বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর পতাকা বৈঠকের মাধ্যমে শান্তর মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হবে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়