লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোর রুমে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে মাস্ক পরিহিত এক যুবককে দেওয়াল টপকে কার্যালয়ের ভেতরে প্রবেশ ও বের হতে দেখা গেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাস্ক পরিহিত ওই যুবক নির্বাচন অফিসের গেটের পশ্চিম পাশের দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর স্টোর রুমের ভেতর থেকে আগুনের রশ্মি দেখা যায়। এরপর সে দ্রুত গেট টপকে বেরিয়ে যায়।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, মাস্ক পরিহিত এক যুবক জানালার কাঁচ ভেঙে বা খুলে পেট্রোল ঢেলে আগুন লাগায়। এ সময় কার্যালয়ের ভেতরে দায়িত্বরত দারোয়ান হামিম ঘুমিয়ে ছিলেন। আগুনের আঁচ টের পেয়ে তিনি চিৎকার করলে যুবকটি পালিয়ে যায়।
তিনি আরও জানান, আগুনে ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। এ ছাড়া একটি অকেজো ডেস্কটপ-সিপিইউসহ কয়েকটি সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি।
খবর পেয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে এসে পরিস্থিতি পরিদর্শন করেন এবং নিরাপত্তা জোরদারের আশ্বাস দেন।
আরও পড়ুন: কেরানীগঞ্জে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, আগুনে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সময়মতো বিষয়টি ধরা পড়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, জেলার সব নির্বাচন কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








