রমজানে বদলে গেল মেট্রোরেলের সময়সূচি
ফাইল ছবি
পবিত্র রমজান মাসের অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি নির্ধারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
প্রথম রমজান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে নতুন এ সূচি অনুযায়ী ট্রেন চলবে। তবে শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে আগের সময়সূচিই বহাল থাকবে।
একইসঙ্গে রমজান উপলক্ষ্যে যাত্রীদের জন্য ইফতারের সময় পানি পান করার ক্ষেত্রে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষ্যে গত ১৬ ফেব্রুয়ারি পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। একই বিষয়ে ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক নির্দেশনাও প্রকাশ করা হয়।
নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। বিপরীতমুখী রুটে মতিঝিল থেকে উত্তরা উত্তরের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে, আর শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।
আরও পড়ুন: রমজানে মেট্রোরেলের সময়সূচি পুনর্নির্ধারণ
উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমুখে ট্রেন চলাচলের বিরতি সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট থাকবে। সকাল ৭টা ১১ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত ১০ মিনিট, সকাল ৭টা ৩১ মিনিট থেকে ৮টা ১০ মিনিট পর্যন্ত ৮ মিনিট এবং সকাল ৮টা ১১ মিনিট থেকে ৯টা ৫৩ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট অন্তর ট্রেন চলবে। সকাল ৯টা ৫৪ মিনিট থেকে দুপুর ২টা ৫৬ মিনিট পর্যন্ত ৮ মিনিট, দুপুর ২টা ৫৭ মিনিট থেকে বিকেল ৫টা ৪১ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, বিকেল ৫টা ৪২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৩ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সন্ধ্যা ৬টা ১৪ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত ১০ মিনিট এবং রাত ৯টা ১ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট বিরতিতে ট্রেন পরিচালিত হবে।
অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন সকাল ৭টা ১৫ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট অন্তর চলবে। সকাল ৭টা ৩১ মিনিট থেকে ৮টা পর্যন্ত ১০ মিনিট, সকাল ৮টা ১ মিনিট থেকে ৮টা ৪৮ মিনিট পর্যন্ত ৮ মিনিট এবং সকাল ৮টা ৪৯ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট বিরতি থাকবে। সকাল ১০টা ৩২ মিনিট থেকে দুপুর ৩টা ৩৪ মিনিট পর্যন্ত ৮ মিনিট, দুপুর ৩টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সন্ধ্যা ৬টা ২১ মিনিট থেকে ৬টা ৫২ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১০ মিনিট এবং রাত ৯টা ৪১ মিনিট থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট অন্তর ট্রেন চলাচল করবে।
রমজান মাসে ইফতারের সময় যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে।
ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেল ও স্টেশন এলাকায় প্রত্যেক যাত্রী সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। পানি যেন না পড়ে যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ব্যবহৃত বোতল প্ল্যাটফর্ম, কনকোর্স ও প্রবেশ-বাহির গেটে স্থাপিত ময়লার পাত্রে ফেলতে হবে। তবে কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স কিংবা মেট্রোরেলের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।
রমজানজুড়ে কর্মদিবসে এই বিশেষ সময়সূচি অনুসরণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিউজবাংলাদেশ.কম/পলি








