একই গ্রাম থেকে এমপি হলেন ৩ জন
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ আসনে জয়লাভ করেছেন চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামের তিন কৃতি সন্তান। তারা তিনজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ফলাফল ঘোষণার পর থেকে গহিরা গ্রামে বইছে আনন্দের বন্যা।
তিন সাংসদ হলেন- বিএনপির জ্যেষ্ঠ নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, তার ভাতিজা হুম্মাম কাদের চৌধুরী এবং প্রয়াত জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল নোমান-এর ছেলে সাঈদ আল নোমান। তারা যথাক্রমে চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর ও খুলশী) আসনে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-এর প্রার্থী ইলিয়াছ নূরী ২৭ হাজার ১৪৬ ভোট পেয়েছেন। জামায়াতে ইসলামী প্রার্থী মো. শাহাজাহান মঞ্জু ২২ হাজার ১১৮ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে জয়ী হয়েছেন হুম্মাম কাদের চৌধুরী, ১ লাখ ২৪২ ভোট নিয়ে। প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম, যিনি ৩৯ হাজার ৪৮৫ ভোট পেয়েছেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ২
চট্টগ্রাম-১০ আসনে নির্বাচিত হয়েছেন সাঈদ আল নোমান। তিনি ১ লাখ ২১ হাজার ৩৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী শামসুজ্জামান হেলালী ৭৪ হাজার ৪০৭ ভোট পেয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








