News Bangladesh

কুড়িগ্রাম সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নাতির কোলে চরে এসে ভোট দিলেন, শতবর্ষী আছিমন বেওয়া 

নাতির কোলে চরে এসে ভোট দিলেন, শতবর্ষী আছিমন বেওয়া 

ছবি: নিউজবাংলাদেশ

বয়সের ভারে নুয়ে পড়া শরীর। চোখে-মুখে সময়ের ছাপ, তবুও মনে অদম্য ইচ্ছা। নিজের ভোটটা নিজেই দেবেন বলে। তাই হাঁটতে না পারলেও থেমে থাকেননি শতবর্ষী আছিমন বেওয়া। নাতির কোলে চরে হাজির হয়েছেন ভোটকেন্দ্রে। নিজের অধিকার প্রয়োগ করতে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা মডেল কলেজ কেন্দ্রের সামনে এমন দৃশ্যের দেখা মেলে। ওই ইউনিয়নের ক্লিনিক পাড়া এলাকার বাসিন্দা আছিমন বেওয়াকে কোলে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন তার নাতি এরশাদুল হক। বয়সের ভারে নড়াচড়া করতে না পারলেও ভোট দেওয়ার আগ্রহে একটুও ভাটা পড়েনি তার।

ভোট দিয়ে বেরিয়ে আছিমন বেওয়া বলেন, অনেক বয়স হইছে বাবা, চলতে পারি না। আজ নাতির কোলে চড়ে আসছি ভোট দিতে। খুব ভালো লাগছে। আগামীতে আর ভোট দিতে পারবো কি না,আল্লাহই জানে।

নাতি এরশাদুল হক বলেন, নানির বয়স অনেক বেশি। ঠিকমতো হাঁটতে পারে না। তাই কোলে করে নিয়ে এসেছি। নানি ভোট দিতে পেরে খুব খুশি হয়েছেন। তার মুখের হাসিটাই আমাদের বড় পাওয়া।

এদিকে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের ৭০৬টি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন: ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও ব্যালট ছিনতাই চেষ্টা, আটক ১

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৯৯ হাজার ৯৩৭ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা পুরুষের তুলনায় বেশি।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি ভালোভাবেই ভোটগ্রহণ সম্পন্ন করতে পারবো।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়