ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও ব্যালট ছিনতাই চেষ্টা, আটক ১
ছবি: সংগৃহীত
ভোলার সদর উপজেলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের অতর্কিত এই হামলার মুখে কেন্দ্রটিতে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে একদল লোক আকস্মিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এসময় হামলাকারীরা কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তাদের হেনস্তা করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। সর্বশেষ খবর অনুযায়ী, দুপুর পৌনে ১টা পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ছিল।
আরও পড়ুন: খুলনায় জামায়াত কর্মীদের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একদল লোক বোমা ফাটিয়ে ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অপদস্থ করার চেষ্টা করে। তবে তারা বড় ধরনের কোনো ক্ষতি করতে সক্ষম হয়নি। নিরাপত্তার স্বার্থে বর্তমানে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।
এদিকে, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করেছিল। খবর পেয়ে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে বর্তমানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবস্থান করছেন। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুনরায় ভোটগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








