News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ধর্মঘট স্থগিত

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ধর্মঘট স্থগিত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার বিষয় নিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা করেছিল চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। তবে সেই ধর্মঘট স্থগিত করা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় এক বিজ্ঞপ্তিতে ধর্মঘট স্থগিতের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানে পণ্য খালাসের স্বার্থে ধর্মঘট কর্মসূচি সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে। তবে বন্দর কর্মচারীদের গ্রেপ্তার, হয়রানিমূলক বদলি, সাময়িক বরখাস্তসহ পাঁচটি সমস্যা সমাধান না হলে ১৬ ফেব্রুয়ারি থেকে আবার ধর্মঘট শুরু হবে।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি থেকে শ্রমিক-কর্মচারিরা ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার লিজ না দেওয়ার দাবিতে টানা ছয়দিন কর্মবিরতি পালন করেন। এরপর শুক্রবার ও শনিবার কর্মসূচি স্থগিত ছিল। তবে ১৫ কর্মচারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর আন্দোলনকারীরা আবারও কর্মসূচিতে ফিরে যান।

আরও পড়ুন: নির্বাচন ঘিরে উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের দাবির মধ্যে রয়েছে- এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার সরকারি ঘোষণা। বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা। আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল করা। আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়