সিরাজগঞ্জে ট্রাকের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের রায়গঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় একটি অটোভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। এতে অটোভ্যানে থাকা এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ভূঁইয়াগাঁতী–নিমগাছীগামী আঞ্চলিক সড়কের খৈচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তাড়াশ থানার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের মনোয়ারা বেগম ও তার স্বামী জালাল উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোভ্যান আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান।
দুর্ঘটনায় আহত চারজনকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরও পড়ুন: টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণায় হামলা, ৩ শিশুসহ ৫ জন গুলিবিদ্ধ
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








