মধ্যরাতে সিলেটে তিন গ্রামের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫
ছবি: সংগৃহীত
সিলেট নগরীর তেমুখি পয়েন্টে আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেমুখি পয়েন্টে আয়োজিত একটি পথসভায় চেয়ারে বসা নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও এবং চারুগাঁও এলাকার কয়েকজন যুবকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এই তুচ্ছ ঘটনাটি দ্রুতই গ্রামগুলোর মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে রূপ নেয়। একপর্যায়ে তিন গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই রণক্ষেত্রে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র নিহত
সংঘর্ষের কারণে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব বিষয়টি নিশ্চিত করে জানান, মধ্যরাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ সময় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
তিনি আরও জানান, বর্তমানে তেমুখি পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








