News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৫৪, ৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২১:২৫, ৪ ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে জাল ভোটের সিলসহ ব্যবসায়ী গ্রেফতার, বহিষ্কার জামায়াত নেতা

লক্ষ্মীপুরে জাল ভোটের সিলসহ ব্যবসায়ী গ্রেফতার, বহিষ্কার জামায়াত নেতা

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অবৈধভাবে তৈরি করা ভোটের ছয়টি সিল জব্দ করেছে পুলিশ। এসময় শহরের একটি ছাপাখানায় অভিযান চালিয়ে সোহেল রানা নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় ইন্ধনদাতা হিসেবে অভিযুক্ত স্থানীয় এক জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ গ্রেফতারকৃত ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করেছে।

পুলিশ জানায়, সদর মডেল থানার এসআই হুমায়ুন কবির মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাতে ব্যবসায়ী সোহেল রানা ও জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফের নামে মামলা দায়ের করেন। 

গ্রেফতারকৃত সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে ও জেলা শহরের পুরাতন আদালত সড়কের ‘মারইয়াম প্রিন্টার্স’-এর স্বত্বাধিকারী। গোপন সংবাদের ভিত্তিতে তার দোকান থেকে ১৬ ঘর বিশিষ্ট ছয়টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল জব্দ করা হয়।

পুলিশ জানায়, সোহেল ছেলেকে আটক করার পর তার দেওয়া তথ্য, হোয়াটসঅ্যাপে কথোপকথন এবং ভয়েস ম্যাসেজের প্রমাণের ভিত্তিতে জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফকেও মামলার আসামি করা হয়েছে। জামায়াত নেতা শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ও দক্ষিণ বাঞ্চানগর এলাকার মো. শাজাহানের ছেলে। 

আরও পড়ুন: রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র নিহত

পুলিশ বলেছে, শরীফ বর্তমানে আত্মগোপনে রয়েছে।

সিল জব্দের ঘটনায় মঙ্গলবার রাতে জেলা শহরের গোডাউন রোড এলাকায় বিএনপি ও জামায়াত পৃথক সংবাদ সম্মেলন করেছেন। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সংবাদ সম্মেলনে সিল কাণ্ডে জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন এবং আটক সোহেলকে জামায়াতের কর্মী দাবি করেন। 

পাল্টা সংবাদ সম্মেলনে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম বলেন, সোহেল জামায়াতের কেউ নয়। তবে মামলার অপর আসামি শরীফের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া জানান, ঘটনার পরপরই সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শীঘ্রই বিষয়টি নিয়ে প্রেস রিলিজ প্রকাশ করা হবে।

মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার এসআই মনির হোসেন জানিয়েছেন, জব্দকৃত সিল ব্যবহার করে নির্বাচনে জাল ভোট প্রদানের উদ্দেশ্যে অবৈধ কার্যক্রম চালানো হচ্ছিল। বুধবার আটক সোহেলকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার কাছ থেকে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হবে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, পাশাপাশি তদন্ত চলছে এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি-না তা নির্ধারণ করতে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়