রাজশাহীর তানোরে গর্তে পড়া শিশু সাজিদ বেঁচে নেই
ছবি: সংগৃহীত
রাজশাহীর তানোরে নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদ আর বেঁচে নেই।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক জানান, রাত ৯টা ৩৫ মিনিটে শিশুটিকে সেখানে আনা হলেও তার আগেই তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, রাত ৯টায় শিশুটিকে উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে বাড়ির পাশের খড় দিয়ে ঢাকা একটি জমি পার হওয়ার সময় অরক্ষিত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। সাজিদের মা জানতেন না যে খড়ের নিচেই রয়েছে পরিত্যক্ত সেই গর্ত। হাঁটার মুহূর্তে হঠাৎ নিচে তলিয়ে যায় শিশু; পেছন থেকে ‘মা মা’ চিৎকার শুনে ফিরে এসে খড় সরাতেই বেরিয়ে আসে উন্মুক্ত মৃত্যুকূপ।
স্থানীয়রা জানান, গত বছর এক ব্যক্তি এখানে ১২০ ফুট গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করেছিলেন। পানি না পাওয়ায় কাজ বাতিল করা হয় এবং পাইপটি মুখ খোলা অবস্থায় ফেলে রাখা হয়। সময়ের সঙ্গে গর্তের মুখ আরও বড় হয়। কোনো সতর্কীকরণ বা ঢাকনা না থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ তাদের।
ঘটনাস্থলে জড়ো হয় হাজারো মানুষ। গর্তের পাশে রাতভর কাটান সাজিদের মা-সন্তানকে ফিরে পাওয়ার আশায় কান্না আর দোয়ায় ভেঙে পড়েন তিনি। শুরুতে কিছু শব্দ পাওয়া গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে গর্তের ভেতর থেকে কোনো আওয়াজ পাওয়া যায়নি, যা উদ্ধারকর্মীদের উদ্বেগ বাড়িয়ে তোলে।
আরও পড়ুন: চুরি করতে গিয়ে র্যাব সদস্যের স্ত্রীকে হত্যা
উদ্ধারকাজ চলাকালে গর্তের ভেতরে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখে ফায়ার সার্ভিস। মেডিকেল টিম ও স্থানীয় প্রশাসনের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এর আগে সন্ধ্যায় লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হলেও জীবিত বা মৃত—যে অবস্থাতেই হোক, উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








