News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৯, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৪, ১৮ জানুয়ারি ২০২০

ঢাকা আর্ট সামিটের তৃতীয় আসরের তারিখ ঘোষণা

ঢাকা আর্ট সামিটের তৃতীয় আসরের তারিখ ঘোষণা

দক্ষিণ এশীয় শিল্পকলাবিষয়ক সর্ববৃহৎ আয়োজন ঢাকা আর্ট সামিটের তৃতীয় আসরের তারিখ ঘোষণা করা হয়েছে। সামদানি আর্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগের এ আয়োজনে বাংলাদেশ এবং পৃথিবীর নানা প্রান্তের শিল্পী, কিউরেটর, জাদুঘর প্রতিনিধি, বিশেষজ্ঞ ও অতিথিরা অংশ নেবেন।

গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালার মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই সামিটের তারিখ ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, ২০১৬ সালের ৫ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বসছে তৃতীয় ঢাকা আর্ট সামিটের আসর।

শিল্পকলাবিষয়ক এই অবাণিজ্যিক (নন-কমার্শিয়াল প্ল্যাটফর্ম) আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা আর্ট সামিটের পরিচালক নাদিয়া সামদানি। তিনি জানান, ঢাকা আর্ট সামিটের তৃতীয় আসরে নতুন সংযোজন হিসেবে  ‘রিওয়াইন্ড’ বিভাগে ১৯৮০ সালের আগের দক্ষিণ এশীয় শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শন করা হবে। অপর এক বিভাগে ২০ জন শিল্পবিষয়ক লেখক দক্ষিণ এশীয় শিল্পবিষয়ক পরীক্ষামূলক লেখা নিয়ে গবেষণা করবেন। সামিটের আরেকটি আকর্ষণ হলো, স্পিকার প্যানেলে বাংলাদেশসহ পৃথিবীর ১৫টি দেশের মোট ৩৫ জন স্পিকার তাঁদের অভিজ্ঞতা সামিটে আসা দর্শকদের কাছে ব্যক্ত করবেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, ঢাকা আর্ট সামিটের সাংগঠনিক কমিটির সদস্য গাউসুল আলম ও বাংলাদেশি কনটেম্পরারি আর্ট এক্সিবিশন কিউরেটর মনিরুজ্জামান।

অন্যবারের মতো এবারও সামদানি আর্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। এছাড়া, একজন উদীয়মান বাংলাদেশি শিল্পী পাবেন লন্ডনের ডেলফিনা ফাউন্ডেশনে তিন মাসের আবাসিক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ। সামিটে থাকছে বাংলাদেশি শিল্পীদের নিয়ে একটি বিশেষ প্রদর্শনী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পৃথিবীর উল্লেখযোগ্য জাদুঘরের প্রতিনিধিদের মধ্যে রুবিন মিউজিয়ামের বেথ সাইট্রোন, এশিয়া আর্ট আর্কাইভের সাবিহ আহমেদ, গুগেনহাইম মিউজিয়ামের আমারা আনটিলা, লন্ডনের টেট মডার্ন, প্যারিসের সেন্টার পমপিডু, নিউইয়র্কের গুগেনহাইম এবং শিল্পী নিখিল চোপড়াসহ আরও অনেকে তৃতীয় ঢাকা আর্ট সামিটের বিভিন্ন পর্যায়ে অংশ নেবেন।

সামদানি আর্ট অ্যাওয়ার্ড ২০১৬-এর বিচারকমণ্ডলীতে থাকবেন ডেলফিনা ফাউন্ডেশন, দ্য নিউ মিউজিয়াম, কুন্সঠাল জুরিখ এবং সেন্টার পমপিডুর মতো উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়