News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১২, ১৮ ডিসেম্বর ২০২৫

৮ জনকে বাংলা একাডেমি পুরস্কার ২০২৫

৮ জনকে বাংলা একাডেমি পুরস্কার ২০২৫

ফাইল ছবি

বাংলা একাডেমি চলতি বছরের সাহিত্য, নাটক, অনুবাদ, বিজ্ঞান ও কথাসাহিত্যের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আটজনকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করার ঘোষণা দিয়েছে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে একাডেমি। 

পুরস্কৃতদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী ২৭ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায়।

পুরস্কৃতদের মধ্যে সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার পাচ্ছেন অধ্যাপক মনসুর মুসা, ভাষাভিত্তিক গবেষণায় অবদানের জন্য, অর্থমূল্য ১,০০,০০০ টাকা। 

মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার পাচ্ছেন খসরু চৌধুরী, প্রকৃতি ও বিজ্ঞান-চর্চায় সামগ্রিক অবদানের জন্য, অর্থমূল্য ১,০০,০০০ টাকা। 

মযহারুল ইসলাম কবিতা পুরস্কার পাচ্ছেন সানাউল হক খান, বাংলা কবিতায় অবদানের জন্য, অর্থমূল্য ১,০০,০০০ টাকা। 

সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন হাফিজ রশিদ খান, নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ে গবেষণার জন্য, অর্থমূল্য ১,০০,০০০ টাকা।

আরও পড়ুন: সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লাসলো ক্রাসনাহোরকাই

অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ নাট্যজন পুরস্কার পাচ্ছেন তারিক আনাম খান, অভিনয়, নাট্য-নির্দেশনা ও সংগঠক হিসেবে অবদানের জন্য, অর্থমূল্য ১,০০,০০০ টাকা। 

আবু রুশ্‌দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন শিবব্রত বর্মন, অনুবাদ-সাহিত্যে অনন্য অবদানের জন্য, অর্থমূল্য ১,০০,০০০ টাকা। 

হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার পাচ্ছেন সফিক ইসলাম, ‘গণিতের রাজ্যে আনন্দভ্রমণ’ গ্রন্থের মাধ্যমে গণিতকে সহজবোধ্য ও উপভোগ্যভাবে উপস্থাপনের জন্য, অর্থমূল্য ৫০,০০০ টাকা।

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন দুজন। 

কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য সুব্রত বড়ুয়া, অর্থমূল্য ২,০০,০০০ টাকা। অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৪ সালে প্রকাশিত ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থের জন্য আনিসুর রহমান, অর্থমূল্য ১,০০,০০০ টাকা।

বাংলা একাডেমি জানিয়েছে, এই পুরস্কারগুলো সাহিত্যের বিভিন্ন শাখায় চর্চা ও গবেষণাকে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে নতুন লেখক, গবেষক ও শিল্পীদের উদ্দীপনা বৃদ্ধি করবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়