নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১২, ২৪ মে ২০২৬

শ্রদ্ধা ও সাংস্কৃতিক আবহে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

শ্রদ্ধা ও সাংস্কৃতিক আবহে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

ফাইল ছবি

বাংলা সাহিত্য, সংগীত ও সাম্যের চেতনায় যিনি আজও অনুপ্রেরণার প্রতীক, সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী রবিবার (২৪ মে)। বিদ্রোহ, মানবতা ও অসাম্প্রদায়িকতার কবিকে স্মরণ করতে রাজধানী ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নজরুলসংগীত পরিবেশনা ও স্মরণানুষ্ঠান।

এবারের জন্মবার্ষিকীকে ঘিরে সরকারিভাবেও নেওয়া হয়েছে নানা কর্মসূচি, আর প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে।

জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহের ত্রিশালে, যেখানে কবির স্মৃতিবিজড়িত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও নজরুল একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন, আলোচনা সভা ও নজরুলসংগীত পরিবেশনার ব্যবস্থা করা হয়েছে। গতকাল শনিবার (২৩ মে) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেন।

আরও পড়ুন: আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা

রবিবার (২৪ মে) রাজধানী ঢাকায় বাংলা একাডেমি জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার, নজরুল পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উপলক্ষে বাংলা একাডেমিতে সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক আলোচনা এবং নজরুলসংগীত পরিবেশিত হচ্ছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে “দ্রোহের কবি, প্রাণের কবি” শিরোনামে তিন দিনব্যাপী বিশেষ আয়োজনের শেষ দিন আজ। জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের খ্যাতিমান শিল্পীরা নজরুলসংগীত, আবৃত্তি ও নৃত্যনাট্য পরিবেশন করছেন।

এ ছাড়া নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে রাজধানীতে আলোচনা সভা, কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও দিনটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করছে।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতায়, যেখানে কবির স্ত্রী প্রমিলা নজরুলের স্মৃতি জড়িয়ে আছে, সেখানেও জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

অন্যদিকে কক্সবাজারসহ বিভিন্ন জেলায় সরকারি গণগ্রন্থাগার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বইপাঠ, রচনা প্রতিযোগিতা, পুস্তক প্রদর্শনী ও শিশু-কিশোরদের অংশগ্রহণে নানা আয়োজন করছে।

উল্লেখ্য, ১৮৯৯ সালের ২৪ মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্য ও সংগীতে তাঁর অসামান্য অবদানের পাশাপাশি সাম্য, মানবতা ও বিদ্রোহের বাণী আজও বাঙালির চেতনায় অমলিন হয়ে আছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়