শিল্প-সাহিত্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৪, ৮ মে ২০২৬
আপডেট: ১৩:০৫, ৮ মে ২০২৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আজ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আজ

ছবি: সংগৃহীত

আজ ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম আবির্ভাব দিবস। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা ভাষা ও সাহিত্যের এই অমর প্রতিভা।

বাংলা সাহিত্য, সংগীত, নাটক, ছোটগল্প ও উপন্যাসে অনন্য অবদান রেখে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সংস্কৃতিকে বিশ্বদরবারে পৌঁছে দেন। তিনি ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদাসুন্দরী দেবীর সন্তান। মাত্র আট বছর বয়সেই তিনি কবিতা লেখা শুরু করেন।

১৮৯১ সাল থেকে বাবার নির্দেশে তিনি নদিয়া, পাবনা, রাজশাহী ও ওড়িশার জমিদারি তদারকি শুরু করেন। কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেন। পরে ১৯০১ সালে তিনি সপরিবারে চলে আসেন বীরভূমের বোলপুরের শান্তিনিকেতনে।

তার জীবদ্দশায় ও মৃত্যুর পর প্রকাশিত হয় ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস এবং ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন।

১৯১৩ সালে সাহিত্য ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারে ভূষিত হন। তাঁর সৃষ্টি আজও বিশ্বজুড়ে সমানভাবে সমাদৃত।

দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন রয়েছে। সকাল ৯টায় শিশুতোষ অনুষ্ঠান, ১০টা ৫ মিনিটে ‘গীতবিতান’, সন্ধ্যায় কবিতা আবৃত্তি এবং রাতভর রবীন্দ্রসংগীত ও নাটক প্রচার করা হবে।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধের বিভীষিকা তুলে ধরা আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

রবীন্দ্রনাথের সাহিত্যজগৎ ছিল বৈচিত্র্যময় অনুভূতি ও চেতনায় পরিপূর্ণ। তার সৃষ্টি চারুলতা, বিনোদিনী বা গোরা আজও পাঠকের মনে গভীর ছাপ ফেলে। বাংলা মাটির পাশাপাশি বিশ্বসাহিত্যে তাঁর দীপ্তি আজও অম্লান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়