স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০০, ১৯ জুন ২০২৬
আপডেট: ১৭:০২, ১৯ জুন ২০২৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

কবি আল মুজাহিদী। ছবি: সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমালেন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী। 

শুক্রবার (১৯ জুন) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি ছিলেন।

১৯৪৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণকারী আল মুজাহিদী বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি, গবেষক, সম্পাদক ও সাহিত্যসেবী ছিলেন। ষাটের দশকের বাংলা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে তিনি পরিচিতি লাভ করেন।

তাঁর কবিতায় বাংলাদেশের মাটি, মানুষ, ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের গভীর অনুসন্ধান প্রতিফলিত হয়েছে। প্রকৃতি, প্রেম, জাতীয় চেতনা, মানবিক মূল্যবোধ এবং আত্মদর্শন ছিল তাঁর কাব্যজগতের প্রধান অনুষঙ্গ।

দীর্ঘ সাহিত্যজীবনে তিনি কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। এছাড়া দীর্ঘ সময় তিনি দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং নতুন লেখকদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে ২০০৩ সালে একুশে পদকে ভূষিত করে।

সাহিত্যবোদ্ধাদের মতে, আল মুজাহিদীর রচনায় একদিকে যেমন গ্রামীণ জীবনের ঘ্রাণ রয়েছে, অন্যদিকে ইতিহাস, সমাজ, নৃতত্ত্ব ও রাজনীতির গভীর পর্যবেক্ষণও উঠে এসেছে। ফলে তাঁর সাহিত্যকর্ম কেবল নান্দনিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং জাতিসত্তা ও মানবিক মূল্যবোধেরও গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠেছে।

আরও পড়ুন: শ্রদ্ধা ও সাংস্কৃতিক আবহে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

দুই বাংলার সাহিত্যপ্রেমীদের কাছেও তিনি সমানভাবে সমাদৃত ছিলেন। শেকড়ের প্রতি অনুরাগ, মানুষের প্রতি মমত্ববোধ এবং সময়কে গভীরভাবে অনুধাবনের ক্ষমতা তাঁর লেখনীকে দিয়েছে স্বতন্ত্র মাত্রা।

কবি আল মুজাহিদীর মৃত্যুতে বাংলা সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সাহিত্যকর্ম ও চিন্তার উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মকে দীর্ঘদিন প্রেরণা জোগাবে বলে মনে করছেন সাহিত্য অনুরাগীরা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়