নারীদের আয়কর সীমা বাড়ানোর দাবি
ঢাকা: নারীদের আয়কর সীমা আড়াই লাখের পরিবর্তে সাড়ে তিন লাখ টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিডব্লিউসিসিআই)। এছাড়া হরতাল ও অবরোধে নারী উদ্যোক্তাদের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে ২০১৫-১৬ জাতীয় বাজেটে ১০ কোটি টাকার থোক বরাদ্দ রাখা দাবি জানিয়েছে তারা।
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানে নজিবুর রহমানের সভাপতিত্বে প্রাক বাজেট আলোচনায় বিডব্লিউসিসিআই প্রেসিডেন্ট সেলিমা আহমদ লিখিত আকারে এসব প্রস্তাব করেন। তার নেতৃত্বে সংগঠনটির ১৫ সদস্যের প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নিউজবাংলাদেশকে সেলিমা আহমদ বলেন, “নারী উদ্যোক্তা উন্নয়নকে আরো বেগবান করার লক্ষ্যে বিডব্লিউসিসিআই যৌক্তিক প্রস্তাব করেছে। আমরা নারীদের আয়কর সীমা আড়াই লাখের পরিবর্তে সাড়ে তিন লাখ এবং সর্বাবস্থায় মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ৪ শতাংশ করা প্রস্তাব করেছি।”
তিনি জানান, এছাড়া নারী উদ্যোক্তাদের জন্য ঘোষিত ১০০ কোটি টাকার থোক বরাদ্দ চলমান রাখার প্রস্তাব করেছি। হরতাল ও অবরোধের কারণে নারী উদ্যোক্তাদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে, তাই নারী উদ্যোক্তাদের প্রণোদনার জন্য ১০ কোটি টাকার থোক বরাদ্দের প্রস্তাব জানিয়েছি।
নারীদের মধ্যে থেকে সেরা করদাতা নির্বাচিত করে তাদেরকে সিআইপি মর্যাদা দেয়ার প্রস্তাব করেছি বলেও জানান তিনি।
প্রস্তাবের প্রেক্ষিতে এনবিআরের পক্ষ থেকে কেমন আশ্বাস পেলেন এমন প্রশ্নে তিনি বলেন, “এনবিআর চেয়ারম্যান আমাদের জানিয়েছেন আগামী শুক্রবার তারা প্রস্তাবগুলো নিয়ে পর্যালোচনায় বসবেন।”
নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








