News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬

উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান

উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান

ছবি: সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সপরিবারে ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সাথে নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হন।

এদিন সকাল পৌনে ১০টার দিকে কেন্দ্রের দ্বিতীয় তলার একটি বুথে ভোট দেন তারেক রহমান। একই কেন্দ্রে ভোট দেন ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান। ভোট প্রদান শেষে সহধর্মিণী ও মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন তারেক রহমান। পোস্ট করা ছবিতে দেখা যায়, ভোট দেওয়ার পর তিনজনের আঙুলে অমোচনীয় কালি লাগানো রয়েছে।

ভোটকেন্দ্রে প্রবেশের সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কেন্দ্র এলাকায় শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় ছিল। ভোট প্রদান শেষে তারেক রহমান সংক্ষিপ্ত সময় কেন্দ্রে অবস্থান করে ভোটগ্রহণের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

আরও পড়ুন: ষড়যন্ত্র রুখতে ভোটকেন্দ্রে আসার ডাক তারেক রহমানের

এদিকে, আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান (সিঁথি) এবং তাদের দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়া রহমান একই কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।

বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে ডা. জুবাইদা রহমানের ভোট প্রদানের ছবি প্রকাশ করা হয়েছে। ওই পোস্টে ‘গণতন্ত্রের মার্কা, ধানের শীষ মার্কা’য় ভোট চাওয়া হয়।

জানা গেছে, তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী। একই সঙ্গে তিনি বগুড়া-৬ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সারা দেশে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়ে কেউ পরিবার নিয়ে, কেউ আবার প্রতিবেশীদের সঙ্গে কেন্দ্রে আসছেন।

আজকের বহুলপ্রতীক্ষিত এই ভোটে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫০টি দল অংশ নিয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন; এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৩ জন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়