জামায়াতের জনসভার পর বর্জ্য পরিষ্কার করলেন বিএনপির নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভার পর বর্জ্য পরিষ্কার করেছেন বিএনপির নেতাকর্মীরা।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে একই মাঠে জামায়াতের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে মাঠে খাবারের প্যাকেট, খাবারের মোড়ক ও বিভিন্ন পলিথিন-কাগজের অংশ ছড়িয়ে থাকতে দেখা যায়।
পরে রবিবার দুপুরে বিএনপি প্রার্থী তার নেতাকর্মীদের নিয়ে এসব বর্জ্য পরিষ্কার করেন।
আরও পড়ুন: ভোটকেন্দ্রে ভোটাররা মুঠোফোন নিতে পারবেন না
এ সময় ড. মো. মনিরুজ্জামান বলেন, রাজনৈতিক কর্মসূচি যেই দলেরই হোক, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পরিষ্কার রাখা সবার দায়িত্ব। সোমবার (৯ ফেব্রুয়ারি) একই মাঠে বিএনপির নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে আমাদের কর্মসূচি হোক। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু জনস্বার্থ ও শৃঙ্খলার প্রশ্নে সবাইকে দায়িত্বশীল হতে হবে।’
ঘণ্টাব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমে মাঠের বিভিন্ন স্থান থেকে বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলা হয়।
এ ঘটনায় এলাকার রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, নির্বাচনি উত্তেজনার মধ্যেও এমন উদ্যোগ ইতিবাচক বার্তা বহন করে।
এদিকে, সোমবার বিকেলে একই মাঠে বিএনপির নির্বাচনি জনসভা উপলক্ষে এরই মধ্যে হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঞ্চ বানানোসহ সব প্রস্তুতি চলছে। এছাড়াও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








