News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৪৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬

দেশ পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান

দেশ পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং রাষ্ট্র পুনর্গঠনই এখন বিএনপির প্রধান লক্ষ্য।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর পল্লবীর ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠ ময়দানে আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, রাজনীতির ময়দানে কেবল বিরোধী দলের সমালোচনা বা গিবত গেয়ে জনগণকে কোনো লাভ হবে না। বরং জনগণের মঙ্গলে কাজ করাই প্রকৃত রাজনৈতিক লক্ষ্য।

পথসভায় তিনি দেশের মানুষের জন্য একগুচ্ছ অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষার পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ প্রবর্তনের পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হবে।

ঢাকা-১৬ আসনের স্থানীয় সমস্যার সমাধানেও গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, এলাকার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি বেকারত্ব দূরীকরণে বিদেশে যেতে ইচ্ছুকদের জন্য সহজ শর্তে ঋণ দেওয়া হবে।

রাজধানীর জলাবদ্ধতা ও সারাদেশে পানি সংকট নিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খাল খনন কর্মসূচি ব্যাপকভাবে চালু করা হবে এবং ঢাকার হারিয়ে যাওয়া খালগুলো উদ্ধার ও খনন করা হবে।

দেশের মানুষের নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে তারেক রহমান স্পষ্ট করেন, জনসাধারণের জানমালের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

আরও পড়ুন: এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই: তারেক রহমান

বক্তৃতার শেষপর্যায়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, আমাদের কাছে সবার আগে দেশ। যেকোনো মূল্যে দেশ গড়ে তুলতে হবে এবং মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

পল্লবীর এই পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়