News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৮, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ঐক্য সরকার নয়, বিএনপি একাই সরকার গঠন করবে: তারেক রহমান

ঐক্য সরকার নয়, বিএনপি একাই সরকার গঠন করবে: তারেক রহমান

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি নিজস্বভাবে সরকার গঠনের মতো পর্যাপ্ত আসনে জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচনের পর ঐক্য সরকার গঠনের যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, আমার রাজনৈতিক বিরোধী দলের সঙ্গে আমি কীভাবে ঐক্য সরকার গঠন করব? তাহলে বিরোধী দল কে হবে?

তিনি আরও বলেন, আমি জানি না তারা কতটি আসনে জয়ী হবে। যদি তারা বিরোধী দলের অবস্থানে থাকে, তাহলে আমি তাদের একটি ভালো বিরোধী দল হিসেবে দেখতে চাই।

তারেক রহমানের সহযোগীরা জানিয়েছেন, এবারের নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হবে বলে তারা আশাবাদী। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে বিএনপি ২৯২টি আসনে নিজস্ব প্রার্থী দিয়েছে। বাকি আসনগুলো দেওয়া হয়েছে জোটভুক্ত অন্যান্য দলকে।

তবে তারেক রহমান নিজে নির্দিষ্ট কোনো আসনসংখ্যার কথা উল্লেখ করেননি। তিনি শুধু বলেছেন, আমাদের আত্মবিশ্বাস আছে—আমরা সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসনে জয়ী হব।

নির্বাচনের পর দেশের স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে জামায়াতে ইসলামী মূলত ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। দলটির ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন আন্দোলনের সময় দেশের তৈরি পোশাক খাত মারাত্মকভাবে ব্যাহত হয়। সেখান থেকে উত্তরণের জন্য সবাইকে নিয়ে সরকার গঠনের আগ্রহ প্রকাশ করেছে জামায়াত।

সাক্ষাৎকারে আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও প্রশ্নের মুখে পড়েন তারেক রহমান। রয়টার্স জানতে চায়, বিএনপি ক্ষমতায় এলে তারা ভারত থেকে চীনের দিকে ঝুঁকবে কি না। জবাবে তিনি বলেন, আমরা যদি সরকারে থাকি, তাহলে আমাদের তরুণদের জন্য চাকরি সৃষ্টি করতে হবে। দেশে বিনিয়োগ আনতে হবে, যাতে মানুষ ভালো জীবনযাপন করতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে, জনগণ ও দেশের জন্য যেসব প্রস্তাব উপযুক্ত হবে, আমরা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখব—কোনো একটি দেশের সঙ্গে নয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানদের ভবিষ্যতে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে কি না—এমন প্রশ্নে তারেক রহমান বলেন, যদি জনগণ কাউকে গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারও রাজনীতি করার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজত আমির

এ ছাড়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে থাকতে পারবেন বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়