তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বুধবার (০৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সাক্ষাৎকারে অংশ নেন।
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার নানা দিক এই আলোচনায় উঠে আসে। বৈঠকে উভয় পক্ষই দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহকে প্রাধান্য দেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধিদের আলোচনা
তিনি জানান, গুরুত্বপূর্ণ এই আলোচনা চলাকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত মঙ্গলবারই তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল বৈঠক করেছিলেন। সেই ধারাবাহিকতায় একদিনের ব্যবধানে চীনের রাষ্ট্রদূতের এই সফরকে কূটনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।
এদিকে, তারেক রহমানের আসন্ন সাংগঠনিক সফরের বিষয়েও প্রস্তুতি চলছে। দেশের উত্তরাঞ্চলের ৯টি জেলা সফরের কথা রয়েছে তার। উক্ত সফর উপলক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








