News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১০, ২৮ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ

তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) সংসদীয় আসন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে তিনি তার পৈতৃক এলাকা বগুড়া-৬ আসন থেকেও নির্বাচনে অংশ নেবেন।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। 

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এই ফরম সংগ্রহ করেন। এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতা ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তার পক্ষে বগুড়া-৬ (সদর) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি উইং জানিয়েছে, তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। তারা ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার আবেদন করেছেন। 

আরও পড়ুন: বগুড়ার পাশাপাশি ঢাকা-১৭ আসনেও প্রার্থী তারেক রহমান

ইসি সচিবালয়ের সূত্রমতে, আজ রবিবার কমিশনের সভায় অনুমোদনের পর চূড়ান্ত তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হবে। আইন অনুযায়ী, ভোটার তালিকায় নাম ওঠার পর মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য তারা একদিন সময় পাবেন।

আন্দালিব রহমান পার্থর আসন পরিবর্তন এর আগে ঢাকা-১৭ আসনে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর নাম ঘোষণা করা হয়েছিল। তবে তারেক রহমানের প্রার্থিতার বিষয়টি সামনে আসার পর বড় রাজনৈতিক প্রেক্ষাপটে এবং তাকে সম্মান জানিয়ে পার্থ এই আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি এখন তার পারিবারিক আসন হিসেবে পরিচিত ভোলা-১ থেকে নির্বাচন করবেন। পার্থ ইতিমধ্যে ভোলা-১ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, ২০০৮ সালেও তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

খালেদা জিয়ার তিন আসন বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন নির্বাচনে তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসনগুলো হলো বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩।

স্বদেশে ফেরার পরবর্তী কার্যক্রম দীর্ঘ দেড় দশকের নির্বাসন শেষে গত বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরেই তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যান। পরবর্তী দিনগুলোতে তিনি জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। গতকাল শনিবার তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ও ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতসহ ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, দলের জ্যেষ্ঠ নেতাদের বিশেষ অনুরোধে তারেক রহমান ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে নির্বাচন কমিশন ও দলের মধ্যে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়