News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৭, ২০ ডিসেম্বর ২০২৫

চলমান সহিংসতা মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

চলমান সহিংসতা মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

স্থায়ী কমিটির সভা শেষে বিএনপির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

দেশে চলমান সহিংসতা ও নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলায় সব রাজনৈতিক দলকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে দলের স্থায়ী কমিটির জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং জাতীয় নির্বাচন বানচালের লক্ষ্যে একটি সুগভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে গণতান্ত্রিক শক্তিগুলোর ইস্পাতকঠিন ঐক্য এখন সময়ের অপরিহার্য দাবি।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের নতুন সংস্করণ হিসেবেই গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। এই নৈরাজ্য কোনো একক রাজনৈতিক দলকে নয়, বরং পুরো রাষ্ট্রকেই ঝুঁকির মুখে ফেলছে।

বিএনপি মহাসচিবের মতে, দেশে যেভাবে সাম্প্রদায়িক উসকানি দেওয়া হচ্ছে এবং বরেণ্য ব্যক্তিদের অপমান করা হচ্ছে, তা একক কোনো দলের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। নৈরাজ্যবাদীরা দেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যাতে জনগণের ভোটাধিকার আবারও কেড়ে নেওয়া যায়।

তিনি বলেন, এই অপশক্তিকে পরাজিত করতে হলে সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ভেদাভেদ ভুলে এক মঞ্চে দাঁড়াতে হবে।

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকার যদি জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে, তাহলে সব রাজনৈতিক দল তাদের সহযোগিতা করবে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রশাসনের শিথিলতা বা নিষ্ক্রিয়তা অরাজকতা সৃষ্টিকারীদের আরও উৎসাহিত করছে।

আরও পড়ুন: ‘খালেদা জিয়ার অবস্থা বেশ স্থিতিশীল’

রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থানই জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে পারে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে সক্ষম -এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

উদীচী কার্যালয়ে অগ্নিসংযোগ, সাংবাদিকদের ওপর হামলা এবং শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতাকেও একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে তিনি আবারও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়